লেনোভোর সেরা পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
ক.বি.ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য ও সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর মর্যাদাপূর্ণ ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে ২০২৫-২৬ অর্থবছরে লেনোভো পোর্টফোলিও বিলিং কার্যক্রমে অসাধারণ সাফল্য, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতি হিসেবেই স্মার্ট টেকনোলজিসকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (১২ মে) শ্রীলঙ্কার কলম্বো শহরের সাত তারকা হোটেল আইটিসি রত্নদিপা’তে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি অংশীদার, ডিস্ট্রিবিউটর এবং প্রযুক্তিখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
লেনোভোর ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন লেনোভো ইন্ডিয়ার ডিরেক্টর-ওভারসিজ নাভিন কেজরিওয়াল। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের লেনোভো পন্য ব্যবস্থাপক মাজেদ ইবনে আলি ইবনু।
এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে এস এম মহিবুল হাসান বলেন, ‘‘বাংলাদেশের আইসিটি খাতের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় স্মার্ট টেকনোলজিস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লেনোভোর সঙ্গে প্রতিষ্ঠানের দৃঢ় অংশীদারিত্ব, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়েছে।’’
মাজেদ ইবনে আলি ইবনু বলেন, ‘‘এই অর্জন দেশের আইসিটি শিল্পে স্মার্ট টেকনোলজিসের নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে বাংলাদেশের সফল ব্যবসায়িক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।’’





