ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং
ক.বি.ডেস্ক: দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে টিকিটিং খাত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। বাস, ট্রেন, লঞ্চ, কনসার্ট, পার্ক কিংবা উড়োজাহাজের টিকিট কেনার মতো নিয়মিত ও প্রয়োজনভিত্তিক লেনদেনকে পুরোটাই ডিজিটাল পেমেন্টের আওতায় আনা গেলে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের অভ্যাস তৈরি হবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্টের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়লে অনলাইন টিকিটিং ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ ও আস্থা আরও বাড়বে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেঞ্চমার্ক পিআরের উদ্যোগে এবং অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজের সহযোগিতায় আয়োজিত ‘বেঞ্চমার্ক ডায়ালগ’-এ এসব বিষয় ওঠে আসে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।
‘টিকিটিং ইজ দ্য গেটওয়ে টু ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক এই আলোচনায় ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট নেটওয়ার্ক, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
স্বাগত বক্তব্য রাখেন সহজ-এর সিইও কর্নেল (অব.) মো. আমিনুল হক। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিকাশের ইভিপি এস এম বেলাল আহমেদ, টালিখাতার সিইও ড. শাহাদাত খান, মাস্টারকার্ড বাংলাদেশের লিড (রিটেইল অ্যান্ড কমার্স) জুবায়ের হোসেন পাভেল, নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, আইসিটি বিভাগের ডিজিটাল কো-অপারেশন শাখার সহকারী প্রোগ্রামার মো. সাজ্জাত হোসেন এবং ট্রাস্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বরকতুজ্জামান।
এ ছাড়া আলোচনায় অংশ নেন বিআইডব্লিউটিসি-এর সিস্টেম অ্যানালিস্ট এ টি এম জসিম উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম, সেবা প্ল্যাটফর্মের গ্রুপ সিইও আদনান ইমতিয়াজ হালিম, বিআইবিএম-এর অ্যাসিন্ট্যান্ট প্রফেসর মো. ফয়সাল হাসান; প্রাইম ব্যাংক ফিনটেকের চিফ কমার্শিয়াল অফিসার (কমার্শিয়াল ডিভিশন) মোহাম্মাদ মাহবুব সোবহান, বেসিস-এর ডেপুটি ম্যানেজার (মিডিয়া ও কমিউনিকেশন) মোহাম্মাদ মাজহারুল ইসলাম এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ সিনিয়র অ্যাসোসিয়েট হাসিব হাসান।
কর্নেল (অব.) মো. আমিনুল হক বলেন, ‘দেশে অনলাইন পেমেন্ট বৃদ্ধির অন্যতম এটা মাধ্যম হতে পারে অনলাইন টিকিটিং, যে কাজটা করছে সহজ ডটকম। নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা সেই ২০১৪ সাল থেকে এই খাতের সবাইকে নিয়ে একটা ইকোসিস্টেম তৈরির কাজ করে যাচ্ছি।’
আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্টের প্রসার শুধু প্রযুক্তি বা লেনদেনের মাধ্যমের ওপর নির্ভর করে না; বরং মানুষের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে এর সংযোগ তৈরি করাও জরুরি। টিকিট কেনা এমন একটি প্রয়োজনীয় সেবা, যা মানুষকে নিয়মিত ডিজিটাল লেনদেনে যুক্ত করার সুযোগ তৈরি করে। পছন্দের ব্যাংক কার্ড, ইন্টারনেট ব্যাংকিং কিংবা এমএফএসের মাধ্যমে সহজে টিকিট কেনার সুযোগ থাকলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভ্যাস বাড়বে।
ডিজিটাল পেমেন্টের সুবিধা অনলাইন টিকিটিংয়ের বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সহজ ও পরিচিত পেমেন্ট পদ্ধতি, তাৎক্ষণিক লেনদেন নিশ্চিতকরণ, নিরাপদ পেমেন্ট, ব্যর্থ লেনদেনের দ্রুত সমাধান এবং স্বচ্ছ রিফান্ড ব্যবস্থা যাত্রীদের অনলাইন টিকিট কেনায় আরও উৎসাহিত করবে। ফলে টিকিট সংগ্রহের জন্য কাউন্টারে যাওয়ার প্রয়োজন কমবে এবং যাত্রী ও পরিবহন পরিচালনাকারী উভয় পক্ষের জন্য সেবা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
বক্তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আন্তঃসংযোগ বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করা, লেনদেনের খরচ যৌক্তিক রাখা, গ্রাহকের তথ্য ও অর্থের নিরাপত্তা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রযুক্তিতে কম অভ্যস্ত মানুষের জন্য সহজ ব্যবহারযোগ্য ব্যবস্থা তৈরি এবং ডিজিটাল আর্থিক সেবার আওতার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আলোচনায় আরও ওঠে আসে, ডিজিটাল টিকিটিং ও পেমেন্ট ব্যবস্থার কার্যকর সমন্বয় পরিবহন খাতের পাশাপাশি সরকারি সেবা, ইউটিলিটি বিল পরিশোধ এবং অন্যান্য দৈনন্দিন লেনদেনেও ক্যাশলেস অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে পারে। অনলাইন পেমেন্ট বাড়াতে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সঠিক পলিসি তৈরি ও সাপোর্ট দেয়া। গ্রাহক ও ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানো ও সচেতন করা।
টিকিটিং কেবল যাতায়াতের টিকিট কেনার মাধ্যম নয়; এটি মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর একটি বাস্তব সুযোগ। আর সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে ওঠলে অনলাইন টিকিটিংয়ের গ্রহণযোগ্যতা ও ব্যবহার দুটিই আরও বাড়বে।





