সাম্প্রতিক সংবাদ

এআই যুগে সফটওয়্যারের মান নিশ্চিত করতে ঢাকায় বসছে ‘স্কোয়াট ২০২৬’

ক.বি.ডেস্ক: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের গুণগত মান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থবারের মতো ‘সফটওয়্যার কিউএ ও টেস্টিং সিম্পোজিয়াম (স্কোয়াট ২০২৬)’। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকায় দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘এআইয়ের যুগে গুণগত মান’।

বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে অংশ নেবেন আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিটি বোর্ড (আইএসটিকিউবি)-এর বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। এ ছাড়া দেশি-বিদেশি সফটওয়্যার বিশেষজ্ঞ, প্রকৌশল ও গুণগত মান ব্যবস্থাপনা পেশাজীবী, প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন স্কোয়াট ২০২৬-এর আহ্বায়ক ড. কে এম হাসান রিপন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)-এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান, সেক্রেটারি মোহাম্মদ আক্তার উল আলম, সদস্য ইঞ্জিনিয়ার মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম) এবং একাডেমিক অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সফটওয়্যার তৈরির প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। এআই এখন কোড লেখা থেকে শুরু করে সফটওয়্যার পরীক্ষা পর্যন্ত বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে এআইনির্ভর সফটওয়্যারের নিরাপত্তা, কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সফটওয়্যার পরীক্ষা এবং গুণগত মান ব্যবস্থাপনার গুরুত্ব আরও বাড়ছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য আগ্রহীরা আয়োজকদের ওয়েবসাইট http://sqat.bstb-bd.org এ নিবন্ধন করতে পারবেন।

সম্মেলনে এআইনির্ভর সফটওয়্যার পরীক্ষা, স্বয়ংক্রিয় পরীক্ষাপদ্ধতি, গুণগত মান প্রকৌশল, আন্তর্জাতিক সনদ, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের সফটওয়্যার রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি থাকবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, বিশেষ আলোচনা, পেশাগত যোগাযোগ এবং ক্যারিয়ারবিষয়ক পরামর্শ। অংশগ্রহণকারীরা আইএসটিকিউবির গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত অংশগ্রহণ সনদ পাবেন।

বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদপ্রাপ্ত সফটওয়্যার পরীক্ষক তৈরির উদ্যোগকে এগিয়ে নেয়া বিএসটিবির অন্যতম লক্ষ্য। আয়োজকদের মতে, সফটওয়্যার পরীক্ষা একটি সম্ভাবনাময় আন্তর্জাতিক সেবা খাত। এ খাতে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে বৈশ্বিক প্রকল্পে কাজের সুযোগ, নতুন কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয় বাড়ানো সম্ভব।

বিএসটিবির পক্ষ থেকে জানানো হয়, সরকার, শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে বাংলাদেশ সফটওয়্যার গুণগত মান নিশ্চিতকরণ ও পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠতে পারে। এ জন্য আন্তর্জাতিক মান, পেশাগত সনদ এবং আধুনিক পরীক্ষাপদ্ধতির সঙ্গে দেশের সফটওয়্যার শিল্পকে আরও নিবিড়ভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

এ আয়োজনের একাডেমিক অংশীদার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরীক্ষা ও ওয়েবভিত্তিক প্রশিক্ষণ অংশীদার জার্মানির আইএসকিউআই। প্রযুক্তি অংশীদার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ। ক্যারিয়ার অংশীদার স্কিল.জবস এবং বিডিজবস ডটকম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *