ডাকটিকিট ছাড়াই কোটি কোটি টাকা আয়, ই-ফ্রাংকিংয়ে নতুন ইতিহাস
ক.বি.ডেস্ক: ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রচলিত ডাকটিকিট ও ফ্রাংকিং মেশিনের নির্ভরতা কমিয়ে চালু করা ‘স্মার্ট পোস্টেজ’ বা ‘ই-ফ্রাংকিং’ ব্যবস্থায় গত ১৫ নভেম্বর পর্যন্ত ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। মাত্র ১১ মাসে এই পদ্ধতিতে মাসিক রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দুই বছরে এ ব্যবস্থা থেকে ১০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে।
ডাক অধিদপ্তর সূত্রে জানা গেছে, সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রমের পর ২০২৫ সালের অক্টোবর থেকে পূর্ণাঙ্গভাবে ‘ই-ফ্রাংকিং’ ব্যবস্থা চালু করা হয়। এর মাধ্যমে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের ডাক মাশুল ডিজিটাল পদ্ধতিতে আদায় করা হচ্ছে। বর্তমানে দেশের সব জেলা শহরের একাধিক ডাকঘর সহ প্রায় ২০০টি ডাকঘরে সেবাটি চালু রয়েছে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, ‘‘ই-ফ্রাংকিং চালুর পর ডাক মাশুল আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব বৃদ্ধির ধারাবাহিকতা বেশ আশাব্যঞ্জক। এ প্রবৃদ্ধি ধরে রেখে আগামী দুই বছরে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছে অধিদপ্তর।’’
১১ মাসে বুকিং ও রাজস্বে বড় প্রবৃদ্ধি
ডাক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে পরীক্ষামূলক কার্যক্রমের সময় মাত্র তিনটি বুকিং থেকে আয় হয়েছিল ৫৮ টাকা। একই বছরের নভেম্বরে ৫১৮টি বুকিংয়ের বিপরীতে রাজস্ব আসে ১৫ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। চলতি বছরের অক্টোবরে বুকিংয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৯৯১টিতে। এ মাসে মাশুল আদায় হয় ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা।
শুরুর দিকে প্রবৃদ্ধি কিছুটা ধীর থাকলেও ২০২৬ সালের জানুয়ারিতে মাসিক রাজস্ব প্রথমবারের মতো এক কোটি টাকা অতিক্রম করে। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৭৮ লাখ টাকায়। মার্চ ও এপ্রিলে কিছুটা ওঠানামার পর মে মাসে রাজস্ব আদায় হয় ৪ কোটি ১৭ লাখ টাকার বেশি। জুনে তা বেড়ে ৪ কোটি ৪২ লাখ টাকা ছাড়ায়।
জুলাইয়ে মাসিক আদায় প্রথমবারের মতো পাঁচ কোটি টাকা অতিক্রম করে। আগস্টে ২০ হাজার ৫৬৩টি বুকিং থেকে আসে ৬ কোটি ৩২ লাখ টাকা। সেপ্টেম্বরে ২১ হাজার ৩৬২টি বুকিংয়ের বিপরীতে রাজস্ব আদায় হয় ৭ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ১০১ টাকা, যা এক মাসে সর্বোচ্চ আদায়ের রেকর্ড। মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে মোট রাজস্ব এসেছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা।
ডাকসেবায় কমছে খরচ ও ভোগান্তি
ই-ফ্রাংকিং ব্যবস্থায় গ্রাহক মাশুল পরিশোধ করলে বারকোডযুক্ত একটি স্টিকার প্রিন্ট হয়। সংশ্লিষ্ট ডাকপণ্যের গায়ে সেটি লাগিয়ে বুকিং সম্পন্ন করা হয়। প্রতিটি স্টিকার তৈরিতে খরচ হয় মাত্র ৫০ পয়সা।
ডাক অধিদপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া বলেন, ‘‘আগে ডাক মাশুল আদায়ে ডাকটিকিট ও ফ্রাংকিং মেশিনের ওপর নির্ভর করতে হতো। বিশেষ করে বিদেশগামী ইএমএস ও পার্সেলের জন্য বেশি মূল্যের ডাকটিকিটের প্রয়োজন হলেও উপজেলা পর্যায়ের অনেক ডাকঘরে পর্যাপ্ত মজুত থাকত না। ডাকটিকিট খুলে পড়ে যাওয়ার ঝুঁকিও ছিল। অন্যদিকে ফ্রাংকিং মেশিন কেনা, রক্ষণাবেক্ষণ এবং আমদানি করা কালির পেছনেও উল্লেখযোগ্য ব্যয় হতো। নতুন ব্যবস্থায় এসব খাতে ব্যয় কমছে।’’
বারকোডে নিশ্চিত হচ্ছে নিরাপত্তা ও স্বচ্ছতা
রাজস্ব আদায়ে জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে প্রতিটি ই-ফ্রাংকিং স্টিকারে যুক্ত করা হয়েছে ১৩ অঙ্কের স্বতন্ত্র বারকোড। ডাকপণ্য বুকিংয়ের সময় কোডটি স্ক্যান করে যাচাই করা হয়। এর মাধ্যমে কোন ব্যবহারকারী এবং কোন প্রিন্টার থেকে স্টিকারটি তৈরি হয়েছে, তা শনাক্ত করা সম্ভব।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, ‘‘নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া সংশ্লিষ্ট কর্মচারীরা সিস্টেমে প্রবেশ করতে পারেন না। প্রতিদিনের লেনদেনের হিসাবও যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। ফলে রাজস্ব ফাঁকি ও জালিয়াতির সুযোগ কমার পাশাপাশি প্রতিটি ডাকঘরের আয় কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে।’’
অনলাইনেই মাশুল পরিশোধ ও প্রি-বুকিং
ই-ফ্রাংকিংয়ের অন্যতম সুবিধা হলো প্রি-পেইড পদ্ধতি। গ্রাহক মোবাইল আর্থিক সেবা বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ-চালানে ডাক মাশুল পরিশোধ করে আগাম ব্যালেন্স নিতে পারেন। এরপর ডাক বিভাগের ডিজিটাল মেইল সিস্টেম (ডিএমএস) ব্যবহার করে অনলাইনে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্য প্রি-বুকিং করা যায়। পরে ডাকঘরের কাউন্টারে পণ্য জমা দিয়ে যাচাই শেষে চূড়ান্ত বুকিং সম্পন্ন করা হয়।
এই সুবিধা বিশেষ করে ই-কমার্স উদ্যোক্তা ও নিয়মিত পার্সেল পাঠানো ব্যবসাপ্রতিষ্ঠানের সময় এবং ব্যবস্থাপনা ব্যয় কমাতে সহায়ক হচ্ছে। ডাক বিভাগের কর্মকর্তাদের মতে, ক্ষুদ্র উদ্যোক্তারাও এর মাধ্যমে সহজে ডাকসেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
উপজেলা ও গ্রামীণ ডাকঘরে সম্প্রসারণের পরিকল্পনা
দেশে ৯ হাজারের বেশি ডাকঘর থাকলেও রাজস্ব অফিসের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০। বর্তমানে এসব রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে ই-ফ্রাংকিং চালু রয়েছে। পর্যায়ক্রমে রাজস্ব অফিসগুলোতে সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা করছে ডাক অধিদপ্তর। এ ক্ষেত্রে উপজেলা ডাকঘরগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
কাজী আসাদুল ইসলাম জানান, ‘‘ইতোমধ্যে কয়েকটি উপজেলা ডাকঘরে ই-ফ্রাংকিং চালু হয়েছে। বাকিগুলোতেও ধাপে ধাপে সেবাটি সম্প্রসারণ করা হবে। তবে প্রত্যন্ত অঞ্চলের ডাকঘরগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় ডাক বিভাগের নতুন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাতেও ই-ফ্রাংকিং সুবিধা যুক্ত করা হয়েছে।’’
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাক অধিদপ্তরের ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় এ ব্যবস্থা চালু হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়া ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’-এ ডিজিটাল ডাকটিকিট বা ই-স্ট্যাম্পিংয়ের বিধান রাখা হয়েছে। এতে অনলাইনে মাশুল পরিশোধের পর পাওয়া বারকোড বা কিউআর কোডকে প্রচলিত ডাকটিকিটের সমান আইনি স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।
ই-কমার্স ও লজিস্টিক সেবার চাহিদা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক করার ক্ষেত্রে ই-ফ্রাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজস্ব আদায়ে স্বচ্ছতা, পরিচালন ব্যয় হ্রাস এবং গ্রাহকসেবা সহজ করার পাশাপাশি দেশের ডাকব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করে তোলার পথও তৈরি করছে এই উদ্যোগ।





