র্যামের দুনিয়ায় নতুন ঝড়, ডিডিআর৬-এ মিলবে ১২ হাজার ৮০০ এমটি/এস গতি!
ক.বি.ডেস্ক: কমপিউটারের র্যাম প্রযুক্তিতে আসছে বড় পরিবর্তন। ডিডিআর৫-এর উত্তরসূরি হিসেবে তৈরি হচ্ছে পরবর্তী প্রজন্মের ডিডিআর৬ র্যাম। এতে তথ্য স্থানান্তরের গতি, ব্যান্ডউইডথ, ধারণক্ষমতা ও বিদ্যুৎ দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতির পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার, সার্ভার এবং উচ্চক্ষমতার কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই প্রযুক্তি।
আন্তর্জাতিক প্রযুক্তি মান নির্ধারণকারী সংস্থা জেইডিইসি গত ১৮ নভেম্বর ডিডিআর৬-এর প্রাথমিক প্রযুক্তিগত বৈশিষ্ট্য প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, নতুন মেমোরিতে ডিডিআর৫-এর তুলনায় প্রাথমিক পর্যায়েই ৫০ শতাংশের বেশি ব্যান্ডউইডথ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এসব বৈশিষ্ট্য এখনও উন্নয়নাধীন এবং চূড়ান্ত মান প্রকাশের আগে পরিবর্তন হতে পারে।
ডিডিআর৬ প্রযুক্তির অন্যতম আকর্ষণ এর ডেটা ট্রান্সফার রেট। জেইডিইসির পরিকল্পনা অনুযায়ী, সার্ভারভিত্তিক ডিডিআর৬ আরডিআইএমএম মেমোরির প্রাথমিক গতি হতে পারে ১২ হাজার ৮০০ মেগাট্রান্সফার পার সেকেন্ড (MT/s)। পরবর্তী সময়ে তা ১৪ হাজার ৪০০ মেগাট্রান্সফার পার সেকেন্ড (MT/s) বা তারও বেশি হতে পারে। তুলনায় ডিডিআর৫ আরডিআইএমএমের সর্বোচ্চ পরিকল্পিত গতি ৯ হাজার ২০০ মেগাট্রান্সফার পার সেকেন্ড (MT/s)।
শুধু গতিই নয়, মেমোরির ডেটা বাসের প্রস্থও বাড়ানো হচ্ছে। ডিডিআর৫-এর ৬৪-বিট বাসের পরিবর্তে ডিডিআর৬-এ ব্যবহারের পরিকল্পনা রয়েছে ৯৬-বিট বাস। অর্থাৎ ডেটা আদান-প্রদানের পথের সক্ষমতা বাড়বে ৫০ শতাংশ। পাশাপাশি নতুন পসুডো-চ্যানেল আর্কিটেকচারের মাধ্যমে একাধিক পথে তথ্য আদান-প্রদান আরও কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে।
ডিডিআর৬-এ সর্বোচ্চ ১২৮ গিগাবিট ডেনসিটির ডিআরএএম চিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেমোরি ব্যাংকের সংখ্যা দ্বিগুণ করা এবং রিফ্রেশ ব্যবস্থায় উন্নতির মাধ্যমে উচ্চগতিতে তথ্য সরবরাহ আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে। বিদ্যুৎ দক্ষতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নতুন প্রযুক্তিতে উন্নত আইও টার্মিনেশন ব্যবস্থা ও লো-পাওয়ার অপারেটিং মোড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে বেশি তথ্য প্রক্রিয়াকরণের পাশাপাশি প্রতি ওয়াট বিদ্যুৎ ব্যবহারে উন্নত পারফরম্যান্স পাওয়া সম্ভব হবে। বিশেষ করে বড় ডেটা সেন্টার ও এআই সার্ভারের বিদ্যুৎ ব্যয় নিয়ন্ত্রণে এটি সহায়ক হতে পারে।
ডিডিআর৬ উন্নয়নে কাজ করছে বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস, এসকে হাইনিক্স এবং মাইক্রন। প্রযুক্তিটির বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতি হিসেবে প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে সরবরাহকারী ও সাবস্ট্রেট নির্মাতাদের সঙ্গে কাজ শুরু করেছে। প্রাথমিক নকশা, সার্কিট বিন্যাস এবং পরীক্ষামূলক নমুনা তৈরির কাজও এগোচ্ছে।
ডিডিআর৬-এর চূড়ান্ত প্রযুক্তিগত মান এখনোও অনুমোদিত হয়নি। তবে শিল্পসংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে এর বাণিজ্যিক যাত্রা হতে পারে। শুরুতে সার্ভার, এআই অবকাঠামো ও ডেটা সেন্টারে এর ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে। পরে ব্যক্তিগত কমপিউটার ও ল্যাপটপে প্রযুক্তিটি যুক্ত হতে পারে।
তবে ডিডিআর৬ বাজারে এলেই ডিডিআর৫ দ্রুত অচল হয়ে যাবে, এমনটা নয়। নতুন মেমোরি ব্যবহারের জন্য উপযোগী প্রসেসর, মেমোরি কন্ট্রোলার ও মাদারবোর্ড প্রয়োজন হবে। ফলে সাধারণ ব্যবহারকারীদের কাছে প্রযুক্তিটি পৌঁছাতে আরও সময় লাগতে পারে। ডিডিআর৬ শুধু র্যামের গতি বাড়ানোর প্রযুক্তি নয়; বরং ভবিষ্যতের এআই, ক্লাউড ও উচ্চক্ষমতার কম্পিউটিং অবকাঠামোর জন্য আরও শক্তিশালী মেমোরি ব্যবস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।





