সাম্প্রতিক সংবাদ

ফাইভারে বিটোপিয়া গ্রুপকে ঘিরে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি বাক্কোর

ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক মার্কেটপ্লেসে দেশীয় আউটসোর্সিং প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপকে ঘিরে সাম্প্রতিক সময়ে ওঠা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। একই সঙ্গে অভিযোগগুলোর প্রকৃত তথ্য উদঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভারে বিটোপিয়া গ্রুপের বিরুদ্ধে অনৈতিকভাবে অ্যাকাউন্ট পরিচালনা, কৃত্রিম রিভিউ তৈরি এবং অন্যান্য পেশাদার ফ্রিল্যান্সারদের কার্যক্রম ব্যাহত করার মতো বিভিন্ন অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় এসব দাবি ও উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

দেশের বিপিও, আইটিইএস ও আউটসোর্সিং শিল্পের বাণিজ্য সংগঠন হিসেবে বাক্কো মনে করে, এ ধরনের অভিযোগের যথাযথ অনুসন্ধান ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কারণে দেশের বৃহত্তর ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতের দীর্ঘদিনের অর্জিত আন্তর্জাতিক সুনাম ও আস্থার ওপর যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

বাক্কোর পক্ষ থেকে বলা হয়েছে, উত্থাপিত অভিযোগের সত্যতা নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বশীল প্রতিষ্ঠানের যথাযথ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। এ ক্ষেত্রে কোনও পূর্বধারণা বা একতরফা সিদ্ধান্তের পরিবর্তে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য যাচাই করে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার দাবি জানিয়েছে বাক্কো।

সংগঠনটি আরও জানিয়েছে, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে বাংলাদেশের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতের ভাবমূর্তি এবং পেশাগত পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক বিধিবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া প্রয়োজন।

বাক্কোর মতে, দেশের বিপিও, আইটিইএস ও ফ্রিল্যান্সিং খাতের অসংখ্য প্রতিষ্ঠান ও পেশাজীবী দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে আন্তর্জাতিক বাজারে সেবা দিয়ে আসছেন। তাই কোনও বিচ্ছিন্ন অভিযোগের প্রভাব যেন পুরো শিল্পের ওপর না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

বাক্কো আশা করছে, যথাযথ প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের মাধ্যমে প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতের আস্থা, সুনাম ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একটি স্বচ্ছ, নৈতিক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আউটসোর্সিং ইকোসিস্টেম গড়ে তুলতে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতাও প্রত্যাশা করেছে সংগঠনটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *