কাপ্তাইয়ে ৪০০ উপজেলা পেরিয়ে আম্বার আইটির লক্ষ্য আগামী জুনে ৫০০ উপজেলায় ইন্টারনেট
ক.বি.ডেস্ক: দেশের ৪০০টি উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণের মাইলফলক অর্জন করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। রাঙামাটির কাপ্তাই উপজেলায় নেটওয়ার্ক সংযোগ চালুর মধ্য দিয়ে এ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে আম্বার আইটি।
কাপ্তাইয়ের আগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৩৯৯তম সংযোগ চালু করা হয়। এর মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণে ৪০০-এর মাইলফলক অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি। উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে জেলা শহরের বাইরেও আরও বেশি মানুষের কাছে মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হচ্ছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি নভেম্বর মাসের মধ্যেই মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় নেটওয়ার্ক সংযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে নতুন নতুন উপজেলায় অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা ও গ্রাহকসেবার পরিধি বাড়ানোর কাজও চলছে।
এ বিষয়ে আম্বার আইটির সিইও মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, “দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে আমরা দেশের ৪০০টি উপজেলায় আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পেরেছি। আগামী বছরের জুনের মধ্যে ৫০০টি উপজেলায় সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চল—সব জায়গার মানুষ যেন সমানভাবে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আসেন।”
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ১০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল রংপুর বিভাগের সৈয়দপুর, ২০০তম উপজেলা হিসেবে যুক্ত হয় ময়মনসিংহের হালুয়াঘাট এবং ৩০০তম উপজেলা হিসেবে নেটওয়ার্কের আওতায় আসে ভোলা জেলার চরফ্যাশন।
৪০০ উপজেলা অতিক্রমের পর এবার ৫০০ উপজেলার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে আম্বার আইটি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শহরাঞ্চলের পাশাপাশি উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের বিস্তৃতি আরও বাড়বে।





