ক্ষুদে গণিতবিদদের নিয়ে ঢাকায় ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’, সিঙ্গাপুর যাচ্ছে বিজয়ীরা
ক.বি.ডেস্ক: শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে ইন্টারন্যাশনাল ম্যাথ জিনিয়াস অলিম্পিয়াডের (ইমগো) জাতীয় বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। একই অনুষ্ঠানে কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের আফটার স্কুল প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)- এর নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডজানার সিইও ও বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেন।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ম্যাথ জিনিয়াস অলিম্পিয়াড (ইমগো) ২০২৬-এর ন্যাশনাল সিলেকশন রাউন্ডে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের গাণিতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, জাতীয় বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী জানুয়ারি ২০২৭ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ইমগো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে তারা।
পুরস্কার বিতরণী ছাড়াও উৎসবে শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড ও রোবোটিকস বিষয়ে বিশেষ সেশনের আয়োজন করা হয়। এসব সেশনে গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ এবং উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরা হয়। শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করাই ছিল এসব আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে কিডজানার সিইও মোসাদ্দেক হোসেন প্রতিষ্ঠানটির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে কিডজানা একটি শিক্ষামূলক উদ্যোগ হিসেবে কাজ করছে। প্রতিটি শিশুর মধ্যেই সৃষ্টিশীল মানুষ, চিন্তাবিদ ও ভবিষ্যৎ উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বিকশিত করতে আনন্দময়, হাতে-কলমে ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অর্জন এবং এ ধরনের আয়োজনকে স্বাগত জানান তারা।





