আইজেএসও ২০২৬-এ অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশের ৬ শিক্ষার্থী
ক.বি.ডেস্ক: ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও ২০২৬) অংশ নিতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশের ছয় সদস্যের শিক্ষার্থী দল। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৫০টি দেশের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেবে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ১২তম বাংলাদেশ জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)-এর মাধ্যমে নির্বাচিত ছয় শিক্ষার্থী এবার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আগামী ২৯ নভেম্বর সোফিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে দলটি। ২ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী ও কোষাধ্যক্ষ নাসির খান।
আইজেএসও ২০২৬-এর বাংলাদেশ দলের সদস্যরা হলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এস এফ এক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাজী সুনেহ্রা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নাশওয়ান হক মাহির।
দলের প্রধান দলনেতা হিসেবে থাকছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক সমন্বয়ক ফারজানা আক্তার।





