শুধু স্মার্টফোনের ফিচার নয়, কেনার আগে সার্ভিস সেন্টারও যাচাই করুন
ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ: স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর ব্যবহার বিস্তৃত। ছবি তোলা, অনলাইন ব্যাংকিং, অফিসের কাজ, বিনোদন কিংবা দৈনন্দিন প্রয়োজনে সবকিছুতেই স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ছে। ফলে একটি স্মার্টফোন কেনার পর সেটির নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় মেরামতের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। বিশেষ করে ফোনে কোনও ত্রুটি দেখা দিলে কোথায় মেরামত করানো নিরাপদ, আসল যন্ত্রাংশ পাওয়া যাবে কি না এবং ওয়ারেন্টির আওতায় বিনা খরচে সেবা মিলবে কি না এসব প্রশ্ন সামনে আসে।
বাংলাদেশের স্মার্টফোন বাজারে এই চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের বিক্রয়োত্তর সেবা ও সার্ভিস সেন্টার নেটওয়ার্ক বিস্তৃত করছে। ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে গড়ে ওঠছে ব্র্যান্ডগুলোর নিজস্ব এবং অনুমোদিত সার্ভিস সেন্টার। এসব কেন্দ্রে স্মার্টফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারজনিত সমস্যা নির্ণয়, ডিসপ্লে পরিবর্তন, ব্যাটারি প্রতিস্থাপন, চার্জিং পোর্ট মেরামত, ক্যামেরার সমস্যা সমাধান সহ বিভিন্ন ধরনের সেবা দেয়া হচ্ছে।
সার্ভিস সেন্টার কেন গুরুত্বপূর্ণ
স্মার্টফোনের প্রযুক্তি যত উন্নত হচ্ছে, এর মেরামত প্রক্রিয়াও তত বেশি বিশেষায়িত হয়ে ওঠছে। আধুনিক ফোনে উন্নত প্রসেসর, একাধিক ক্যামেরা, জটিল সার্কিট, বিশেষায়িত ব্যাটারি ব্যবস্থাপনা এবং পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ফলে অভিজ্ঞ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এসব ফোন মেরামত করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
ব্র্যান্ডগুলোর অনুমোদিত সার্ভিস সেন্টারে সাধারণত সংশ্লিষ্ট ব্র্যান্ডের প্রশিক্ষিত কর্মী, নির্দিষ্ট মেরামত পদ্ধতি এবং প্রয়োজনীয় ডায়াগনস্টিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ থাকে। এতে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করা এবং যথাযথভাবে মেরামত করার সম্ভাবনা বাড়ে।
অন্যদিকে অননুমোদিত সার্ভিস সেন্টার বা বিভিন্ন দোকানে মেরামতের ক্ষেত্রে যন্ত্রাংশের মান, কাজের নিশ্চয়তা কিংবা পরবর্তী সেবার বিষয়ে সব সময় স্পষ্ট ধারণা পাওয়া যায় না। বিশেষ করে ডিসপ্লে, ব্যাটারি ও মাদারবোর্ডের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তনের ক্ষেত্রে ভুল যন্ত্রাংশ ব্যবহারে ফোনের কার্যক্ষমতা ও স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে।
অনুমোদিত সার্ভিস সেন্টার মানেই প্রতিটি ক্ষেত্রে নতুন যন্ত্রাংশ ব্যবহারের নিশ্চয়তা নয়
আসল যন্ত্রাংশের নিশ্চয়তা কতটা জরুরি
স্মার্টফোন মেরামতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো আসল বা অনুমোদিত যন্ত্রাংশ ব্যবহার। বাজারে বিভিন্ন ধরনের বিকল্প ডিসপ্লে, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ পাওয়া গেলেও সবগুলোর মান এক নয়। আসল যন্ত্রাংশ ব্যবহারের ফলে ফোনের ডিসপ্লের রং ও উজ্জ্বলতা, টাচের সংবেদনশীলতা, ব্যাটারির কার্যক্ষমতা এবং ক্যামেরার পারফরম্যান্স স্বাভাবিক রাখার সুযোগ থাকে। একই সঙ্গে ফোনের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যবহারেও এর প্রভাব রয়েছে।
ব্র্যান্ডগুলোর অনুমোদিত সার্ভিস সেন্টারে মেরামতের সময় গ্রাহকদের উচিত কোন যন্ত্রাংশ পরিবর্তন করা হচ্ছে, সেটি নতুন নাকি পুনর্নির্মিত এবং যন্ত্রাংশটির জন্য আলাদা কোনও ওয়ারেন্টি আছে কি না, তা জেনে নেয়া। কারণ অনুমোদিত সার্ভিস সেন্টার মানেই প্রতিটি ক্ষেত্রে নতুন যন্ত্রাংশ ব্যবহারের নিশ্চয়তা নয়; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যন্ত্রাংশ সরবরাহ করা হতে পারে।
ওয়ারেন্টি সেবা: গ্রাহকের গুরুত্বপূর্ণ সুবিধা
স্মার্টফোন কেনার সময় অধিকাংশ ক্রেতাই ওয়ারেন্টির বিষয়টি বিবেচনা করেন। তবে ওয়ারেন্টি থাকলেই ফোনের সব ধরনের সমস্যা বিনা খরচে মেরামত করা যাবে, এমন ধারণা সঠিক নয়। সাধারণত উৎপাদনজনিত ত্রুটি ও নির্দিষ্ট কারিগরি সমস্যার ক্ষেত্রে ওয়ারেন্টি সুবিধা প্রযোজ্য হয়। অন্যদিকে ফোন পড়ে গিয়ে ভেঙে যাওয়া, পানিতে ক্ষতিগ্রস্ত হওয়া, অননুমোদিতভাবে ফোন খোলা বা মেরামত করা কিংবা ভুল ব্যবহারের কারণে সৃষ্ট সমস্যা ওয়ারেন্টির আওতার বাইরে থাকতে পারে।
বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে। তবে ব্যাটারি ও অন্যান্য ইনবক্স অ্যাকসেসরিজের ওয়ারেন্টির মেয়াদ আলাদা হতে পারে। প্রতিষ্ঠানগুলোর নীতিমালা অনুযায়ী ওয়ারেন্টি দাবি করতে ক্রয়প্রমাণ প্রয়োজন এবং অনুমোদিত সার্ভিস সেন্টারের মাধ্যমে মেরামত করাতে হয়। তাই স্মার্টফোন কেনার আগে ওয়ারেন্টির মেয়াদ, কোন কোন যন্ত্রাংশ এর আওতাভুক্ত এবং কী কী কারণে ওয়ারেন্টি বাতিল হতে পারে, তা জেনে নেয়া প্রয়োজন।
দেশের বাজারে ব্র্যান্ডগুলোর সার্ভিস সেন্টার নেটওয়ার্ক
বাংলাদেশে স্মার্টফোন বিক্রির পাশাপাশি বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রেও বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের কার্যক্রম বিস্তৃত করছে। ব্র্যান্ডগুলোর সার্ভিস সেন্টারের অবস্থান, কার্যসময় ও সেবার পরিধি পরিবর্তিত হতে পারে। তাই ফোন নিয়ে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে তথ্য যাচাই করা ভালো। উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম হলো-
অপো: অপো বাংলাদেশে অনুমোদিত সার্ভিস সেন্টারের মাধ্যমে স্মার্টফোন মেরামত, ওয়ারেন্টি সুবিধা ও আসল যন্ত্রাংশ সরবরাহের সেবা দিয়ে থাকে। ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, মাদারবোর্ড ও সফটওয়্যারজনিত সমস্যা সমাধানের পাশাপাশি অনলাইনে সার্ভিস সেন্টার খোঁজা, মেরামতের অ্যাপয়েন্টমেন্ট নেয়া এবং যন্ত্রাংশের মূল্য যাচাইয়ের সুবিধাও রয়েছে।
অনার: বাংলাদেশে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনারের জাতীয় পরিবেশক হিসেবে পণ্য বিক্রি ও বিক্রয়োত্তর সেবা পরিচালনা করছে। ঢাকা সহ বিভিন্ন স্থানে অনুমোদিত সার্ভিস সেন্টারের মাধ্যমে স্মার্টফোন মেরামত, ওয়ারেন্টি সেবা, যন্ত্রাংশ পরিবর্তন ও কারিগরি সহায়তা দেয়া হয়।
টেকনো, ইনফিনিক্স ও আইটেল: ট্রানশান গ্রুপের এসব ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবায় কার্লকেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে কার্লকেয়ারের ৭৪টি সার্ভিস পয়েন্ট রয়েছে। এর মধ্যে ১৪টি ফ্ল্যাগশিপ ও ২০টি প্রিমিয়াম সার্ভিস সেন্টার। ফোনের সমস্যা নির্ণয়, মেরামত, ওয়ারেন্টি-সংক্রান্ত সহায়তা এবং সার্ভিসের অগ্রগতি জানার মতো সুবিধা তাদের সেবা কার্যক্রমের অংশ।
ভিভো: বাংলাদেশে ভিভো নিজস্ব ও অনুমোদিত সার্ভিস সেন্টারের মাধ্যমে স্মার্টফোনের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে। এসব কেন্দ্রে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, চার্জিং পোর্ট সহ বিভিন্ন যন্ত্রাংশ মেরামত ও পরিবর্তন, সফটওয়্যার আপডেট এবং ওয়ারেন্টি সেবা পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সার্ভিস নেটওয়ার্ক ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।
ওয়ারেন্টি থাকলেই ফোনের সব ধরনের সমস্যা বিনা খরচে মেরামত করা যাবে, এমন ধারণা সঠিক নয়
রিয়েলমি: বাংলাদেশে রিয়েলমির এক্সক্লুসিভ সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের মেরামত ও বিক্রয়োত্তর সেবা দেয়া হচ্ছে। ফোনের ত্রুটি নির্ণয়, প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন এবং ওয়ারেন্টি-সংক্রান্ত সহায়তা এসব সেবার গুরুত্বপূর্ণ অংশ।
শাওমি: শাওমি বাংলাদেশের সার্ভিস সেন্টার নেটওয়ার্ক ঢাকা ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট সহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। প্রতিষ্ঠানটির তালিকায় স্মার্টফোন ও এআইওটি পণ্যের জন্য এক্সক্লুসিভ এবং অনুমোদিত সার্ভিস সেন্টারের তথ্য রয়েছে।

স্যামসাং: বাংলাদেশে স্যামসাংয়ের ৪২টির বেশি সার্ভিস পয়েন্ট রয়েছে। তাদের প্রশিক্ষিত কর্মীরা মেরামতের কাজে আসল স্যামসাং যন্ত্রাংশ ব্যবহার করেন। স্মার্টফোন ও অন্যান্য পণ্যের জন্য ওয়েবসাইটে সার্ভিস সেন্টার খুঁজে নেয়ার সুবিধাও রয়েছে।
সিম্ফনি: দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি দেশজুড়ে নিজস্ব কাস্টমার কেয়ার ও সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে। এসব কেন্দ্রে স্মার্টফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যা সমাধান, ডিসপ্লে ও ব্যাটারি পরিবর্তন, যন্ত্রাংশ মেরামত এবং ওয়ারেন্টি সুবিধা পাওয়া যায়। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা শহরে তাদের সার্ভিস নেটওয়ার্ক রয়েছে।
ওয়ালটন: দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার নেটওয়ার্কের মাধ্যমে স্মার্টফোন সহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির নিজস্ব সার্ভিস সেন্টারে স্মার্টফোন মেরামত, যন্ত্রাংশ পরিবর্তন, সফটওয়্যার সমস্যা সমাধান এবং ওয়ারেন্টি সেবা পাওয়া যায়। অনলাইনে সার্ভিস রিকোয়েস্ট ও ওয়ারেন্টি যাচাইয়ের সুবিধাও রয়েছে।
কী ধরনের মেরামত সুবিধা পাওয়া যায়
একটি আধুনিক স্মার্টফোনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে সব সার্ভিস সেন্টারে সব ধরনের মেরামত একইভাবে করা হয় না। কিছু জটিল মেরামতের জন্য ফোন নির্দিষ্ট সার্ভিস হাবে পাঠানোর প্রয়োজন হতে পারে। ব্র্যান্ড ও মডেলভেদে অনুমোদিত সার্ভিস সেন্টারগুলোতে সাধারণত যেসব সেবা পাওয়া যায়, তার মধ্যে রয়েছে-
ডিসপ্লে পরিবর্তন: স্ক্রিন ভেঙে যাওয়া, টাচ কাজ না করা, ডিসপ্লেতে দাগ কিংবা অস্বাভাবিক রং দেখা দেওয়ার সমস্যার সমাধান।
ব্যাটারি পরিবর্তন: দ্রুত চার্জ শেষ হওয়া, ব্যাটারি ফুলে যাওয়া কিংবা চার্জ ধরে রাখার ক্ষমতা কমে গেলে প্রয়োজন অনুযায়ী ব্যাটারি প্রতিস্থাপন।
চার্জিং সমস্যা: চার্জিং পোর্ট, চার্জিং সার্কিট কিংবা সংযোগজনিত ত্রুটি নির্ণয় ও মেরামত।
বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে
ক্যামেরা মেরামত: ক্যামেরা ফোকাস না করা, ছবি ঝাপসা হওয়া, ক্যামেরা চালু না হওয়া কিংবা ক্যামেরা মডিউলের ত্রুটি সমাধান।
সফটওয়্যার সমস্যা: অপারেটিং সিস্টেমের ত্রুটি, ফোন হ্যাং করা, অ্যাপ ক্র্যাশ কিংবা সফটওয়্যার আপডেটজনিত সমস্যা নির্ণয়।
মাদারবোর্ড ও হার্ডওয়্যার মেরামত: জটিল সার্কিট, মাইক্রোফোন, স্পিকার, নেটওয়ার্ক ও অন্যান্য অভ্যন্তরীণ যন্ত্রাংশের সমস্যা সমাধান।
মেরামতের আগে গ্রাহকের যে বিষয়গুলো জানা প্রয়োজন
স্মার্টফোন সার্ভিস সেন্টারে জমা দেয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। প্রথমত, ফোনের গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, ডকুমেন্ট ও অন্যান্য তথ্যের ব্যাকআপ রাখা উচিত। মেরামতের প্রয়োজনে ডেটা মুছে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।
দ্বিতীয়ত, ফোন জমা দেয়ার সময় অবশ্যই সার্ভিস রিসিট বা জব শিট সংগ্রহ করতে হবে। সেখানে ফোনের মডেল, আইএমইআই নম্বর, সমস্যার বিবরণ, জমা দেয়ার তারিখ এবং সম্ভাব্য ডেলিভারির সময় উল্লেখ আছে কি না, তা যাচাই করা প্রয়োজন।
তৃতীয়ত, কোনও যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন হলে আগে থেকেই মেরামতের খরচ, যন্ত্রাংশের ধরন এবং কাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় জেনে নেয়া উচিত। মেরামতের পর ফোন বুঝে নেয়ার সময় সংশ্লিষ্ট ফিচারগুলো পরীক্ষা করা এবং মেরামত করা যন্ত্রাংশের জন্য আলাদা কোনও ওয়ারেন্টি দেয়া হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
সার্ভিস সেন্টার খুঁজে পাওয়া এখন আরও সহজ
ডিজিটাল সেবার বিস্তারের ফলে এখন অনেক ব্র্যান্ডের ওয়েবসাইট থেকেই নিকটবর্তী সার্ভিস সেন্টারের ঠিকানা, ফোন নম্বর, কার্যসময় এবং সেবার ধরন জানা যায়। কোনও কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনলাইনে সার্ভিস রিকোয়েস্ট করা এবং মেরামতের অগ্রগতি অনুসরণের সুবিধাও রয়েছে। এতে গ্রাহকদের অপ্রয়োজনীয় যাতায়াত কমে এবং ফোনের সমস্যা অনুযায়ী সঠিক সার্ভিস সেন্টার বেছে নেয়া সহজ হয়। তবে অনলাইনে পাওয়া ঠিকানার ওপর নির্ভর করে সরাসরি চলে যাওয়ার আগে ফোন করে সংশ্লিষ্ট মডেলের মেরামত সুবিধা ও যন্ত্রাংশের প্রাপ্যতা নিশ্চিত করা ভালো।
চ্যালেঞ্জ ও সম্ভাবনা
দেশে স্মার্টফোনের ব্যবহার ও বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রয়োত্তর সেবার গুরুত্বও বাড়ছে। তবে এই খাতে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সার্ভিস সেন্টারের পর্যাপ্ততা, নির্দিষ্ট মডেলের যন্ত্রাংশের প্রাপ্যতা, মেরামতের খরচ, সেবা পেতে অপেক্ষার সময় এবং গ্রাহকদের মধ্যে ওয়ারেন্টি-সংক্রান্ত সচেতনতার অভাব।
স্মার্টফোন কেনার আগে ওয়ারেন্টির মেয়াদ, কোন কোন যন্ত্রাংশ এর আওতাভুক্ত এবং কী কী কারণে ওয়ারেন্টি বাতিল হতে পারে, তা জেনে নেয়া প্রয়োজন
বিশেষ করে পুরোনো মডেলের স্মার্টফোনের যন্ত্রাংশ পাওয়া না গেলে মেরামত ব্যয়বহুল হয়ে ওঠতে পারে কিংবা মেরামত করা সম্ভব নাও হতে পারে। পাশাপাশি অননুমোদিত মেরামতের কারণে ফোনের অবশিষ্ট ওয়ারেন্টি ও ভবিষ্যৎ সেবার সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।
এই পরিস্থিতিতে ব্র্যান্ডগুলোর জন্য সার্ভিস সেন্টারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যন্ত্রাংশের পর্যাপ্ত মজুত, প্রশিক্ষিত প্রযুক্তিবিদ, দ্রুত সেবা এবং স্বচ্ছ মূল্যতালিকা নিশ্চিত করা জরুরি। গ্রাহকসেবার মান উন্নত হলে ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়বে এবং দীর্ঘমেয়াদে গ্রাহক ধরে রাখাও সহজ হবে।
স্মার্টফোন কেনার ক্ষেত্রে মূল্য, ডিজাইন, ক্যামেরা, প্রসেসর কিংবা ব্যাটারির পাশাপাশি বিক্রয়োত্তর সেবার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত। কারণ একটি স্মার্টফোনের প্রকৃত ব্যবহার-অভিজ্ঞতা শুধু কেনার সময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং পরবর্তী কয়েক বছর সেটি কতটা নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যাবে, তার ওপরও নির্ভর করে।
আসল যন্ত্রাংশ, দক্ষ টেকনিশিয়ান, স্বচ্ছ মেরামত প্রক্রিয়া, কার্যকর ওয়ারেন্টি এবং সহজলভ্য সার্ভিস সেন্টার এই পাঁচটি বিষয় নিশ্চিত করা গেলে স্মার্টফোন ব্যবহারকারীদের আস্থা আরও বাড়বে। তাই নতুন স্মার্টফোন কেনার আগে শুধু ফোনের ফিচার নয়, সংশ্লিষ্ট ব্র্যান্ডের সার্ভিস নেটওয়ার্ক ও বিক্রয়োত্তর সেবার মান যাচাই করাও এখন সময়ের দাবি।





