কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট চালু করল পাঠাও
ক.বি.ডেস্ক: কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে গ্রাহকদের নগদ টাকা ব্যবহারের ঝামেলা কমাতে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি (ডিপিওডি) সুবিধা চালু করেছে দেশীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও। নতুন এই সুবিধার মাধ্যমে গ্রাহকেরা পার্সেল গ্রহণের সময় বা তার আগেই ব্যাংক কার্ড কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করতে পারবেন।
পাঠাওয়ের নতুন এই সেবায় কোনও পার্সেল ‘আউট ফর ডেলিভারি’ স্ট্যাটাসে পৌঁছালে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি পেমেন্ট লিংক পাঠানো হবে। ওই লিংকে প্রবেশ করে ‘পে নাউ’ অপশনে ট্যাপ করলেই ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পার্সেলের মূল্য পরিশোধ করা যাবে।
এর ফলে পার্সেল গ্রহণের আগে নগদ টাকা প্রস্তুত রাখা, ভাঙতি টাকা জোগাড় করা কিংবা পেমেন্টের জন্য ডেলিভারির স্থানে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। গ্রাহক চাইলে পার্সেল হাতে পাওয়ার আগেই অথবা ডেলিভারির সময় ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এমনকি গ্রাহক ডেলিভারির স্থানে উপস্থিত না থাকলেও পেমেন্ট করার সুযোগ থাকছে।
পাঠাওয়ের দাবি, নতুন এই উদ্যোগ কুরিয়ার ডেলিভারির দীর্ঘদিনের নগদ অর্থনির্ভর প্রক্রিয়ায় পরিবর্তন আনবে। বিশেষ করে ডেলিভারির সময় টাকা প্রস্তুত রাখা বা ভাঙতি নিয়ে বিড়ম্বনার মতো সমস্যাগুলো কমবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের সুযোগ থাকায় পার্সেল সরবরাহ প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও গ্রাহকবান্ধব হবে।
নতুন এই সুবিধা পাঠাও কুরিয়ারের সঙ্গে যুক্ত মার্চেন্টদের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে। ডেলিভারির শেষ পর্যায়ে গ্রাহকদের একাধিক পেমেন্ট বিকল্প ব্যবহারের সুযোগ থাকায় কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। একই সঙ্গে মার্চেন্টরা গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার সুযোগ পাবেন।
পাঠাও কুরিয়ারের লক্ষ্য হলো পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্টকে নিয়মিত ও নির্ভরযোগ্য অভ্যাসে পরিণত করা। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ডিপিওডি সুবিধা কুরিয়ার খাতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রবণতা বাড়াতে সহায়ক হবে।





