টিভি কেনার আগে জেনে নিন মাইক্রো আরজিবি প্রযুক্তির যত সুবিধা
ক.বি.ডেস্ক: টেলিভিশনে প্রকৃতির কোনও প্রামাণ্যচিত্র দেখছেন। পর্দায় ফুটে ওঠছে সবুজের অসংখ্য শেড, পাতার সূক্ষ্ম গঠন কিংবা পাহাড়ের গায়ে আলো-ছায়ার খেলা। আবার প্রিয় সিনেমার অল্প আলোয় ধারণ করা দৃশ্যেও স্পষ্ট দেখা যাচ্ছে প্রতিটি খুঁটিনাটি। মনে হচ্ছে, পর্দার দৃশ্যগুলো যেন বাস্তবের আরও কাছাকাছি। টেলিভিশনের ছবির মান উন্নত হলে দেখার অভিজ্ঞতাও যে কতটা বদলে যেতে পারে, তারই উদাহরণ এমন দৃশ্য।
অনেকের ধারণা, টেলিভিশনের ছবির মান মূলত নির্ভর করে রেজ্যুলেশনের ওপর। এ ক্ষেত্রে ৪কে কিংবা ৮কে রেজ্যুলেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। তবে বাস্তবতা হলো, শুধু রেজ্যুলেশন বেশি হলেই পর্দার ছবি নিখুঁত হয় না। রঙের স্বাভাবিকতা, আলোর উজ্জ্বলতা ও নিয়ন্ত্রণ, কনট্রাস্ট এবং ছবির সূক্ষ্ম খুঁটিনাটি ফুটিয়ে তোলার সক্ষমতাও দেখার অভিজ্ঞতায় বড় ভূমিকা রাখে।
টেলিভিশনের এসব সীমাবদ্ধতা কাটিয়ে ছবিকে আরও প্রাণবন্ত করে তুলতে কাজ করছেন প্রযুক্তি নির্মাতারা। এরই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে মাইক্রো আরজিবি প্রযুক্তি। আলাদা লাল, সবুজ ও নীল মাইক্রো এলইডির মাধ্যমে রং ও আলো নিয়ন্ত্রণের এই প্রযুক্তি টেলিভিশনের ছবির মান উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করছে।
যেভাবে কাজ করে মাইক্রো আরজিবি প্রযুক্তি
প্রচলিত এলইডি টেলিভিশনে সাধারণত নীল এলইডি ব্যাকলাইটের সঙ্গে বিভিন্ন অপটিক্যাল স্তর ও কালার ফিল্টার ব্যবহার করে পর্দায় রঙিন ছবি তৈরি করা হয়। অন্যদিকে, মাইক্রো আরজিবি প্রযুক্তিতে লাল, সবুজ ও নীল রঙের জন্য পৃথক ক্ষুদ্র এলইডি ব্যবহার করা হয়। প্রতিটি রঙের আলো আলাদাভাবে নিয়ন্ত্রণের সুযোগ থাকায় রঙের উপস্থাপনা ও উজ্জ্বলতা নিয়ন্ত্রণে পাওয়া যায় বাড়তি সুবিধা।
এর ফলে একই রঙের বিভিন্ন শেডের পার্থক্য আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়। এক রং থেকে অন্য রঙে পরিবর্তনও হতে পারে আরও মসৃণ। বিশেষ করে প্রকৃতির দৃশ্য, উজ্জ্বল রঙের বৈচিত্র্য কিংবা আলো-ছায়ার সূক্ষ্ম পরিবর্তন রয়েছে এমন দৃশ্য দেখার সময় প্রযুক্তিটির সুবিধা বেশি অনুভূত হতে পারে।
ছবির মান উন্নত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা
শুধু ডিসপ্লে প্রযুক্তির উন্নয়নেই থেমে নেই টেলিভিশন নির্মাতারা। ছবির মান আরও উন্নত করতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। টেলিভিশনে প্রদর্শিত কনটেন্ট বিশ্লেষণ করে এআই প্রযুক্তি ছবির রং, কনট্রাস্ট, উজ্জ্বলতা এবং সূক্ষ্ম বিবরণ সমন্বয়ে সহায়তা করতে পারে। বিশেষ করে কম রেজ্যুলেশনের ভিডিওকে উন্নত মানে প্রদর্শনের ক্ষেত্রেও এআই আপস্কেলিং প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদাহরণ হিসেবে স্যামসাংয়ের মাইক্রো আরজিবি টেলিভিশনে রয়েছে ‘মাইক্রো আরজিবি এআই ইঞ্জিন প্রো’ এবং ‘৪কে এআই আপস্কেলিং’ প্রযুক্তি। এগুলোর মাধ্যমে প্রদর্শিত কনটেন্টের ছবির মান উন্নত করার চেষ্টা করা হয়। পাশাপাশি উন্নত শব্দের অভিজ্ঞতার জন্য রয়েছে ডলবি অ্যাটমস প্রযুক্তি। ফলে উন্নত ছবি ও চারপাশ থেকে ভেসে আসা শব্দের সমন্বয়ে সিনেমা, খেলা কিংবা বিনোদনমূলক অনুষ্ঠান দেখার অভিজ্ঞতা হতে পারে আরও উপভোগ্য।
কাদের জন্য মাইক্রো আরজিবি টেলিভিশন
যারা টেলিভিশন কেনার ক্ষেত্রে ছবির গুণগত মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং উন্নত প্রযুক্তির জন্য বাড়তি অর্থ ব্যয় করতে প্রস্তুত, তাদের জন্য মাইক্রো আরজিবি টিভি হতে পারে বিবেচনাযোগ্য একটি বিকল্প। সিনেমাপ্রেমীরা এতে রঙের বৈচিত্র্য, দৃশ্যের সূক্ষ্ম বিবরণ এবং আলো-ছায়ার উপস্থাপনা উপভোগ করতে পারবেন। অন্যদিকে, খেলাধুলার দর্শকদের কাছে দ্রুতগতির দৃশ্যের স্পষ্টতা এবং গেমারদের কাছে রঙের যথাযথ উপস্থাপনা গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রেও উন্নত ডিসপ্লে প্রযুক্তি বাড়তি সুবিধা দিতে পারে।
তবে উন্নত ছবি পাওয়ার জন্য মাইক্রো আরজিবিই একমাত্র প্রযুক্তি নয়। বাজেট ও প্রয়োজন অনুযায়ী প্রচলিত এলইডি, মিনি এলইডি কিংবা ওএলইডি টেলিভিশনও ভালো বিকল্প হতে পারে। প্রতিটি প্রযুক্তির নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে। তাই টেলিভিশন কেনার আগে ছবির মানের পাশাপাশি ব্যবহারের ধরন, ঘরের আলোর পরিবেশ, স্ক্রিনের আকার এবং বাজেট বিবেচনা করা জরুরি।
শুধু রেজ্যুলেশন নয়, ছবির সামগ্রিক মানই গুরুত্বপূর্ণ
টেলিভিশনের প্রযুক্তি যত উন্নত হচ্ছে, পর্দায় বাস্তবসম্মত ছবি উপস্থাপনের সুযোগও তত বাড়ছে। একসময় শুধু রেজ্যুলেশনকে ছবির মানের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হলেও এখন রঙের নিখুঁত উপস্থাপনা, আলোর নিয়ন্ত্রণ, কনট্রাস্ট এবং ছবির সূক্ষ্ম বিবরণও সমান গুরুত্ব পাচ্ছে।
মাইক্রো আরজিবি প্রযুক্তি এসব ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে। বিশেষ করে উন্নত রঙের উপস্থাপনা ও আলোর নিয়ন্ত্রণের মাধ্যমে টেলিভিশনে আরও প্রাণবন্ত ছবি দেখার সুযোগ তৈরি হতে পারে। ফলে ভবিষ্যতে টিভি কেনার ক্ষেত্রে শুধু ৪কে কিংবা ৮কে রেজল্যুশন নয়, ডিসপ্লেতে ব্যবহৃত প্রযুক্তিও ক্রেতাদের বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠবে।





