এআই অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে লড়বে বাংলাদেশ, নির্বাচিত চার শিক্ষার্থীর নাম ঘোষণা
ক.বি.ডেস্ক: তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইএআইও)-এ অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামের দ নাং শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বিশ্বের ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী ও বিশেষজ্ঞ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও)-এর আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) সম্প্রতি নির্বাচিত দলের সদস্যদের নাম ঘোষণা করেছে।
বাংলাদেশ দলের নির্বাচিত চার শিক্ষার্থী হলেন দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাওফিল রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নুজহাত বিনতে নাজিম, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির মোহাম্মাদ সাদ বিন সাজ্জাদ।
তিন ধাপের বাছাই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্মিলিত পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত দল গঠন করা হয়েছে। গত ৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। এতে শিক্ষার্থীরা লিখিত গাণিতিক পরীক্ষার পাশাপাশি ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ‘কাগল’-এ মেশিন লার্নিং প্রতিযোগিতায় অংশ নেয়।
জাতীয় পর্ব থেকে নির্বাচিত ২৫ জন শিক্ষার্থীকে নিয়ে ২ ও ৩ নভেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘আইএআইও গ্রুমিং ক্যাম্প’। বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের নেতৃত্বে বিভাগের আরও ১০ জন শিক্ষক ও গবেষক এই কর্মশালা পরিচালনা করেন। বাছাই প্রক্রিয়ার শেষ ধাপে গত ৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে অনুষ্ঠিত হয় টিম সিলেকশন টেস্ট। এতে মেশিন লার্নিং প্রতিযোগিতা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত চার সদস্য নির্বাচন করা হয়।
এবারের বাছাই প্রক্রিয়ায় নিবন্ধনকারী শিক্ষার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই ছিল ঢাকার বাইরের। নীলফামারী, যশোর, খুলনা, বগুড়া, সিলেট ও চট্টগ্রামসহ দেশের মোট ১৪টি জেলা থেকে নিবন্ধন জমা পড়ে। নিবন্ধনকারীদের মধ্যে ৪০ শতাংশ ছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। বাকি ৬০ শতাংশ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, প্রতি পাঁচজন নিবন্ধনকারীর মধ্যে প্রায় একজন ছিলেন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ভবিষ্যতে শুধু মেয়েদের জন্য আলাদা এআই অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের।
বাংলাদেশ দলের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বলেন, “আমাদের শিক্ষার্থীরা যদি যথেষ্ট পরিশ্রম করে এবং আমরা যদি তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে পারি, আমার বিশ্বাস তারা ভালো ফল অর্জন করতে পারবে। আমাদের অতীত অভিজ্ঞতাও তা-ই বলে।”
দলের কোচ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি দল তৈরি করা নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দক্ষ এআই প্রতিভা গড়ে তোলা। ভিয়েতনামের বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের সাফল্যের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে চাই।”
এদিকে, বাংলাদেশ দলের একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনিম মাহফুজ নাফিস।
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইএআইও) স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক সমস্যার সমাধানে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের চার শিক্ষার্থীর অংশগ্রহণ দেশের তরুণ প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং নিয়ে আগ্রহ এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





