সাম্প্রতিক সংবাদ

ই-ক্যাবের নতুন নির্বাচনী তফসিল প্রকাশ, ভোট ১৩ ফেব্রুয়ারি

ক.বি.ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নির্বাচন নিয়ে আবারও তৈরি হয়েছে নতুন পরিস্থিতি। চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত করে পুনরায় নির্বাচনী তফসিল প্রকাশের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৭-২০২৯ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তফসিল ও নির্বাচনী আচরণবিধি প্রকাশ করেছে সংগঠনটির নির্বাচন বোর্ড। নতুন তফসিল অনুযায়ী, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৭ নির্বাচন ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ১৮ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিটি ই-ক্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। এতে সংগঠনটির চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত করে পুনরায় নির্বাচনী তফসিল প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

১৮ নভেম্বর ই-ক্যাব নির্বাচন বোর্ড ২০২৭-২০২৯ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তফসিল ও নির্বাচন সংক্রান্ত তথ্যাবলি এবং আচরণবিধি প্রকাশ করেছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন তিন সদস্যের নির্বাচন বোর্ড। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমান এবং বোর্ডের সদস্যদ্বয় বাণিজ্য মন্ত্রণালয়ের উপনিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম এবং উপসচিব ফিরোজ আল মামুন।

নির্বাচনী তফসিল
নতুন তফসিল অনুযায়ী, ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (ইসি) গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী পরিষদে থাকছে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক, একজন অর্থ সম্পাদক এবং পাঁচজন পরিচালক।

এসব পদে মনোনয়নপত্র জমা দেয়ার ফি নির্ধারণ করা হয়েছে। সভাপতি পদে ১ লাখ ২০ হাজার টাকা; সিনিয়র সহসভাপতি পদে ১ লাখ ১০ হাজার টাকা; সহসভাপতি ১ লাখ ৫ হাজার টাকা; সাধারণ সম্পাদক পদে ১ লাখ টাকা; যুগ্ম সম্পাদক পদে ৮০ হাজার টাকা, অর্থ সম্পাদক পদে ৭০ হাজার টাকা; পাঁচ জন পরিচালক (প্রতিটি) পদে ৫০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

১৪ ডিসেম্বর সদস্যপদ নবায়ন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন জমা দেয়ার শেষ দিন। ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক ভোটার তালিকা। তালিকা নিয়ে আপত্তি ও আপিল নিষ্পত্তির পর ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

উল্লেখ্য, নতুন তফসিলের গুরুত্বপূর্ণ বিষয় হলো- গত ২৯ সেপ্টেম্বর জারি করা পূর্ববর্তী নির্বাচনী তফসিলটি অনিবার্য কারণবশত রহিত করা হয়েছে। তবে ওই তফসিলের ভিত্তিতে ৫ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যেসব সদস্যের নাম অন্তর্ভুক্ত ছিল, তাদের নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে হবে না। তাদের নাম পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকায় বহাল রাখা হবে।

আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। ৮ থেকে ১৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১৪ থেকে ১৬ জানুয়ারি। আপিল নিষ্পত্তির পর ২০ জানুয়ারি প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের সময় ২১ থেকে ২৩ জানুয়ারি। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন ও ভোট গ্রহণের স্থান পরবর্তিতে জানানো হবে। ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। ১৪ ফেব্রুয়ারি নির্বাচনসংক্রান্ত বিষয়ে আপিল বোর্ডের কাছে অভিযোগ দাখিল। ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারি দাখিল করা অভিযোগের শুনানি গ্রহণ ও নিষ্পত্তি।

১৭ ফেব্রুয়ারি নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফল ঘোষণা। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল দাখিল। ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি আপিলের শুনানি গ্রহণ ও নিষ্পত্তি। ২৪ ফেব্রুয়ারি প্রয়োজনীয় সংশোধন ও আপিল নিষ্পত্তি শেষে নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

সব মিলিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং নির্বাচন বোর্ডের নতুন তফসিল প্রকাশের মধ্য দিয়ে ই-ক্যাবের নির্বাচন প্রক্রিয়া নতুন করে শুরু হতে যাচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগোলে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে সংগঠনটির ২০২৭-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের ( ইসি) নির্বাচন। এখন নতুন তফসিল অনুসারে নির্বাচন কার্যক্রম কতটা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সেটিই দেখার বিষয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *