১৮ ডিসেম্বর বিআইজেএফ ইসি নির্বাচন, তফসিল ঘোষণা
ক.বি.ডেস্ক: দেশের আইসিটি খাতের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামী ২১ ডিসেম্বর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। গোপন ব্যালটের মাধ্যমে বিআইজেএফ-এর সদস্যরা ৯টি পদে আগামীর নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।
২০২৬-২৮ মেয়াদের বিআইজেএফ-এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং সদস্যদ্বয় হলেন পার্বত্য নিউজ ডট কমের সম্পাদক মেহেদী হাসান পলাশ ও সারাবাংলা ডট নেটের নিউজ এডিটর মো. সুমন ইসলাম।
বুধবার (১৮ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এবং সদস্যদ্বয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও তফসিলে নির্বাচনের বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়।
নির্বাচনী তফসিল
নির্বাচনী তফসিল অনুযায়ী সভাপতি পদ ১ জন, সহসভাপতি পদ ১ জন, সাধারণ সম্পাদক পদ ১ জন, যুগ্ম সম্পাদক পদ ১ জন, কোষাধ্যক্ষ পদ ১ জন, সাংগঠনিক সম্পাদক পদ ১ জন, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদ ১ জন এবং নির্বাহী সদস্য পদ ২ জন সহ মোট ৯টি পদে নির্বাচন ও ভোট গ্রহণ হবে।
এসব পদে মনোনয়নপত্র জমা দেয়ার ফি নির্ধারণ করা হয়েছে। সভাপতি পদে ১০ হাজার টাকা, সহসভাপতি পদে ৮ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৬ হাজার টাকা, যুগ্ম সম্পাদক পদে ৫ হাজার টাকা, কোষাধ্যক্ষ পদে ৪ হাজার টাকা, সাংগঠনিক সম্পাদক পদে ৪ হাজার টাকা, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ৪ হাজার টাকা এবং নির্বাহী সদস্য প্রতি পদে ৩ হাজার টাকা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ওপর আপত্তি জানানোর শেষ সময় ছিল ১৯ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আজ ২০ নভেম্বর বিকেল ৩টায় লিখিত আপত্তির শুনানি ও সিদ্ধান্ত শেষে রাত ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২১ থেকে ২৩ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার পান্থপথের সুমনা গণি ট্রেড সেন্টারে অবস্থিত প্রাইডসিস আইটি লিমিটেডের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৩ নভেম্বর বিকেল ৫টা। কোনও অবস্থাতেই মনোনয়নপত্রের ফটোকপি গ্রহণযোগ্য হবে না এবং মনোনয়নপত্রসংক্রান্ত কোনও ফি ফেরতযোগ্য নয়।
মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৪ নভেম্বর বিকেল ৪টায়। এ বিষয়ে ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত লিখিত আপত্তি জানানো যাবে। ২৬ নভেম্বর বিকেল ৪টায় আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ নভেম্বর বিকেল ৪টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ নভেম্বর বিকেল ৪টায়।
তফসিলের নিয়মাবলি অনুযায়ী, কেবল সংগঠনের ভোটাররাই নির্ধারিত পদের জন্য নগদ ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। একাধিক পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া গেলেও চূড়ান্ত প্রার্থীতা কেবল একটি পদেই রাখা যাবে এবং প্রত্যাহারের সময়সীমার আগে বাকি পদগুলোর মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।
সময়সীমা পার হওয়ার পর কোনও প্রার্থীর একাধিক মনোনয়নপত্র থাকলে সবগুলোই বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর পেশাগত পরিচয়পত্র, হালনাগাদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি জমা দিতে হবে। আগামী ৫ ডিসেম্বর বিকেল ৩টায় প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
১৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে নির্বাচন ও ভোট গ্রহণ চলবে। ওই দিনই ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। প্রাথমিক ফলাফলের ওপর ১৯ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত লিখিত আপত্তি গ্রহণ করা হবে এবং ২০ ডিসেম্বর বিকেল ৪টায় শুনানি ও সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ২১ ডিসেম্বর বিকেল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।





