শিক্ষার্থীদের ক্যাশলেস পেমেন্ট সুবিধা দিতে উপায় ও ইংলিশ কার্নিভালের চুক্তি
ক.বি.ডেস্ক: শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট সুবিধা সহজলভ্য করা এবং শিক্ষা খাতে ক্যাশলেস লেনদেনের প্রসারে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় ও এডটেক প্ল্যাটফর্ম ইংলিশ কার্নিভাল বাংলাদেশ। এ অংশীদারত্বের আওতায় শিক্ষার্থীরা ডিজিটাল পেমেন্টের পাশাপাশি ক্যাশব্যাক ও বিভিন্ন প্রচারমূলক সুবিধা পাবেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সহযোগী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষার দক্ষতা অর্জন, পরীক্ষার প্রস্তুতি ও বিভিন্ন দক্ষতা উন্নয়নে কাজ করা ইংলিশ কার্নিভাল বাংলাদেশ যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবে।
সম্প্রতি এ উপলক্ষে উপায়ের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ কার্নিভাল বাংলাদেশের ডিরেক্টর (বিজনেস অপারেশনস) মো. হুমায়ুন কবির এবং ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) শিবলী কোরেশী। উপায়ের হেড অব করপোরেট বিজনেস সাজ্জাদ আলম, হেড অব প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, হেড অব মার্কেটিং কাজী শাকিল মাহমুদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (স্ট্র্যাটেজি) জহির উদ্দিন মাহমুদ, জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) মো. মুরাদ হাসান এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার (করপোরেট সেলস) নাহনুজ আফরান করিম।
সমঝোতা স্মারক অনুযায়ী, ইংলিশ কার্নিভালের শিক্ষার্থী নিবন্ধনের জন্য উপায়ের পেমেন্ট গেটওয়ে চালু করা হবে। পাশাপাশি উপায়ের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যাশব্যাক ও বিভিন্ন প্রচারমূলক সুবিধা দেওয়া হবে। এ ছাড়া ইংলিশ কার্নিভালের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের কমিশন ও প্রণোদনার অর্থ বিতরণেও কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
অংশীদারত্বের আওতায় যৌথ প্রচার কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন আয়োজন, কুইজ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব কার্যক্রমে উপায় ‘পেমেন্ট পার্টনার’ এবং ইংলিশ কার্নিভাল বাংলাদেশ ‘এডুকেশন পার্টনার’ হিসেবে দায়িত্ব পালন করবে। ইংরেজি ভাষার দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি ও আর্থিক সচেতনতা বাড়ানোর বিষয়গুলো এসব আয়োজনে গুরুত্ব পাবে।
বর্তমানে ইংলিশ কার্নিভাল বাংলাদেশের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজারের বেশি। দেশের ৬৪ জেলায় প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন ৩ হাজার ৫০০-এর বেশি ক্যাম্পাস অ্যাম্বাসেডর। এ ছাড়া ৫০০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এই বিস্তৃত শিক্ষার্থী নেটওয়ার্কের সঙ্গে উপায়ের ডিজিটাল পেমেন্ট সুবিধা যুক্ত হলে শিক্ষার্থীদের নিবন্ধন ও লেনদেন আরও সহজ হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।
প্রতিষ্ঠান দুটির প্রত্যাশা, এ অংশীদারত্ব শিক্ষার্থীদের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি দেশের শিক্ষা খাতে ক্যাশলেস লেনদেন ও প্রযুক্তিনির্ভর সেবার প্রসারে ভূমিকা রাখবে।





