বাক্কোর নতুন ইসি: সভাপতি ফয়সল, সি. সহসভাপতি রেজা ও সাধারণ সম্পাদক নাহিদ
ক.বি.ডেস্ক: বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), আইটিইএস এবং কল সেন্টার শিল্পের জাতীয় ও কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ১২ সদস্যবিশিষ্ট ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয় বাক্কো’র ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর ১২ সদস্যের মধ্যে পাঁচজন পরিচালক পদে নির্বাচন ও ভোটগ্রহণ। বাকি সাতটি পদে কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাঁচটি সাধারণ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন প্রার্থী। নির্বাচনে ১৯২ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পাঁচটি সাধারণ পরিচালক পদে সর্বোচ্চ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভাইজার এক্সের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল ইউসুফ; টিকন সিস্টেমের পরিচালক এস এম মসিউর রহমান পেয়েছেন ৮৮ ভোট; ফ্রাইডেসফটের চেয়ারম্যান ফয়সাল সালাম পেয়েছেন ৮৬ ভোট; ইনভিক্টা সলিউশনসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৫ ভোট এবং ইগনাইট টেক সলিউশনসের সিইও আশিকুর রহমান পেয়েছেন ৭০ ভোট। ৬১ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েন সার্বিফাই টেক সলিউশনস বিডির সিইও মো. মাহমুদুল হাসান সৈকত।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা
বাক্কো’র ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন- উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম, এডিএন ডিজিনেটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সোহায়েল রেজা, উইজডম ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, ব্রোটেকস টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হোসেন, এএসকে টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত, রিকম কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিকুর রহমান এবং আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হায়দার।
বাক্কো’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (ইসি)
বাক্কো’র ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর সভাপতি হলেন ফয়সল আলিম; সিনিয়র সহসভাপতি সৈয়দ সোহায়েল রেজা; সহসভাপতি আব্দুল কাদের; সাধারণ সম্পাদক নাহিদ হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত; অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান; পরিচালক (অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরি) মো. একরামুল হায়দার; পাঁচজন সাধারণ পরিচালক হলেন মোস্তফা জামাল ইউসুফ, এস এম মসিউর রহমান, ফয়সাল সালাম, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আশিকুর রহমান।
বাক্কো’র ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আইসিসি কমিউনিকেশনের এমডি সাইফুল ইসলাম সিদ্দিক এবং সদস্যদ্বয় নেক্সট অনলাইনের পরিচালক হাবিবুল হক ও টেক পয়েন্ট বিপিওর সিইও এস এম মনজুরুল ইসলাম। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন ভেলোসিটা ইনফোসিসের চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং সদস্যদ্বয় এমরাজিনা টেকনোলোজিসের সত্বাধিকারি এমরাজিনা ইসলাম ও এম/এস ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (ইসি) দেশের বিপিও ও আইটিইএস শিল্পের আগামী দিনের নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শিল্পের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।





