অন্যান্য টিপস

ভিডিও এডিটিংয়ের জন্য ৭টি জনপ্রিয় সফটওয়্যারের খুঁটিনাটি

ভিডিও এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, অনলাইন সংবাদ, শিক্ষা, বিজ্ঞাপন, ব্যবসা, ব্যক্তিগত ব্র্যান্ডিং থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ প্রায় সব ক্ষেত্রেই ভিডিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। ফলে মানসম্মত ভিডিও তৈরির পাশাপাশি দ্রুত ও দক্ষভাবে ভিডিও এডিটিংয়ের জন্য প্রয়োজন সঠিক সফটওয়্যার।

বর্তমানে ভিডিও এডিটিংয়ের জন্য বাজারে রয়েছে অসংখ্য সফটওয়্যার। কোনোটি পেশাদার চলচ্চিত্র নির্মাণের জন্য উপযোগী, কোনোটি ইউটিউব ভিডিও তৈরিতে কার্যকর, আবার কোনোটি নতুন ব্যবহারকারীদের জন্য সহজ। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও ভিডিও এডিটিং কাজকে আগের চেয়ে অনেক সহজ করে তুলছে।

অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিজলভ, ফাইনাল কাট প্রো, ক্যাপকাট, ফিলমোরা, আইমুভি ও ক্লিপচ্যাম্প বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীর কাছে জনপ্রিয়। তবে সবার জন্য একটি সফটওয়্যারকে সেরা বলা যায় না। কাজের ধরন, কমপিউটার, দক্ষতা ও বাজেট অনুযায়ী সফটওয়্যার বেছে নেয়াই বুদ্ধিমানের কাজ।

অ্যাডোবি প্রিমিয়ার প্রো
পেশাদার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত সফটওয়্যারগুলোর একটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। ইউটিউব ভিডিও, বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র, টেলিভিশন অনুষ্ঠান কিংবা বড় প্রোডাকশনের ভিডিও এডিটিংয়ে এর ব্যবহার রয়েছে। প্রিমিয়ার প্রো-এর অন্যতম বড় শক্তি হলো এর বিস্তৃত এডিটিং সুবিধা। একাধিক ভিডিও ও অডিও ট্র্যাক নিয়ে কাজ, বিভিন্ন ফরম্যাটের ভিডিও এডিটিং, রঙ সংশোধন, শিরোনাম, অ্যানিমেশন ও নানা ধরনের ইফেক্ট ব্যবহারের সুবিধা রয়েছে এতে।

সাম্প্রতিক সংস্করণগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু সুবিধাও যুক্ত করেছে অ্যাডোবি। নির্দিষ্ট বস্তুকে ভিডিও থেকে আলাদা করে নির্বাচন, ভিডিওর প্রয়োজন অনুযায়ী ফ্রেম বাড়ানো, ভিডিওর মধ্যে নির্দিষ্ট বিষয় খুঁজে বের করা এবং অডিওর মান উন্নত করার মতো কাজ এখন তুলনামূলকভাবে সহজ।

ফটোশপ, আফটার ইফেক্টস ও অডিশনের মতো অ্যাডোবির অন্যান্য সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ও প্রিমিয়ার প্রো-এর বড় সুবিধা। পেশাদার ভিডিও সম্পাদক, ফ্রিল্যান্সার, বিজ্ঞাপন নির্মাতা, ইউটিউবার ও বড় কনটেন্ট নির্মাতাদের জন্য এটি বেশ উপযোগি। সফটওয়্যারটি তুলনামূলক জটিল এবং সাবস্ক্রিপশনভিত্তিক। নতুন ব্যবহারকারীর পুরোপুরি আয়ত্ত করতে কিছুটা সময় লাগতে পারে।

ডাভিঞ্চি রিজলভ
বিনামূল্যে শক্তিশালী ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার খুঁজছেন? তাহলে ডাভিঞ্চি রিজলভ অন্যতম সেরা বিকল্প। ব্ল্যাকম্যাজিক ডিজাইনের এই সফটওয়্যারে ভিডিও এডিটিং, রঙ সংশোধন, ভিজ্যুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিকস ও অডিও এডিটিংয়ের সুবিধা একই প্ল্যাটফর্মে পাওয়া যায়। ডাভিঞ্চি রিজলভের বিনামূল্যের সংস্করণই অনেক ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে পারে। আর পেশাদারদের জন্য রয়েছে স্টুডিও সংস্করণ, যাতে আরও উন্নত এআই সুবিধা, রঙ বিন্যাস, ইফেক্ট ও অডিও এডিটিংয়ের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে রঙ সংশোধন ও রঙ বিন্যাসের ক্ষেত্রে ডাভিঞ্চি রিজলভ দীর্ঘদিন ধরে পেশাদারদের কাছে জনপ্রিয়।

চলচ্চিত্র, বিজ্ঞাপন কিংবা সিনেমাটিক ধরনের ভিডিও তৈরিতে এটি বিশেষ কার্যকর। এ সফটওয়্যারের আরেকটি সুবিধা হলো ফিউশন ও ফেয়ারলাইট। ফিউশনের মাধ্যমে ভিজ্যুয়াল ইফেক্ট ও মোশন গ্রাফিকস এবং ফেয়ারলাইটের মাধ্যমে উন্নত অডিও এডিটিংয়ের কাজ করা যায়। পেশাদার সম্পাদক, চলচ্চিত্র নির্মাতা, ইউটিউবার, রঙ বিশেষজ্ঞ এবং বিনামূল্যে শক্তিশালী সফটওয়্যার খোঁজা ব্যবহারকারী। নতুনদের কাছে এর কাজের পদ্ধতি শুরুতে কিছুটা জটিল মনে হতে পারে।

ফাইনাল কাট প্রো
অ্যাপল কমপিউটার ব্যবহারকারীদের জন্য ফাইনাল কাট প্রো অন্যতম জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার। ম্যাকের হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়কে কাজে লাগিয়ে দ্রুত ভিডিও এডিটিংয়ের সুবিধা দেয় এটি। এর ম্যাগনেটিক টাইমলাইন ব্যবস্থা ভিডিও ক্লিপ সাজানো ও পরিবর্তনের কাজকে সহজ করে। একাধিক ভিডিও ও অডিও নিয়ে কাজ করলেও টাইমলাইন তুলনামূলকভাবে গোছানো রাখা যায়।

অ্যাপলের সাম্প্রতিক সংস্করণে স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরি, ভিডিওর নির্দিষ্ট অংশ আলাদা করে নির্বাচন এবং বিভিন্ন ভিডিওর রঙের সামঞ্জস্য আনার মতো সুবিধা রয়েছে। ফলে নিয়মিত কনটেন্ট নির্মাতাদের সময়ও বাঁচে। এটি ম্যাক ব্যবহারকারী ইউটিউবার, ভিডিও সম্পাদক, চলচ্চিত্র নির্মাতা ও পেশাদার কনটেন্ট নির্মাতাদের জন্য। উইন্ডোজ কমপিউটারে এটি ব্যবহার করা যায় না।

ক্যাপকাট
স্বল্পদৈর্ঘ্যের ভিডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরিতে ক্যাপকাট দ্রুত জনপ্রিয় হয়েছে। টিকটক, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টস তৈরির ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর। ক্যাপকাটের বড় সুবিধা হলো ব্যবহার সহজ। ভিডিও কাটছাঁটের পাশাপাশি লেখা, সংগীত, সাবটাইটেল, ট্রানজিশন, ফিল্টার ও বিভিন্ন ইফেক্ট সহজেই যুক্ত করা যায়।

স্বয়ংক্রিয় ক্যাপশন, ভিডিওর আকার পরিবর্তন এবং এআই-ভিত্তিক বিভিন্ন সম্পাদনা সুবিধার কারণে নতুন ব্যবহারকারীরাও দ্রুত কাজ শুরু করতে পারেন। তবে দীর্ঘ ভিডিও, জটিল রঙ সংশোধন কিংবা বড় পেশাদার প্রোডাকশনের ক্ষেত্রে প্রিমিয়ার প্রো বা ডাভিঞ্চি রিজলভের মতো সফটওয়্যার বেশি উপযোগী। এটি রিলস ও শর্টস নির্মাতা, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা এবং নতুন ব্যবহারকারীর জন্য।

ফিলমোরা
সহজে ভিডিও এডিটিং শিখতে চান, কিন্তু খুব সাধারণ সফটওয়্যার ব্যবহার করতে চান না, এমন ব্যবহারকারীদের জন্য ওয়ান্ডারশেয়ার ফিলমোরা ভালো বিকল্প। এর ব্যবহারপদ্ধতি তুলনামূলক সহজ। ভিডিও কাটছাঁট, লেখা, ট্রানজিশন, ইফেক্ট, টেমপ্লেট ও অডিও যুক্ত করার পাশাপাশি স্বয়ংক্রিয় কিছু সুবিধাও রয়েছে। ইউটিউব ভিডিও, পণ্য প্রদর্শনের ভিডিও, শিক্ষামূলক ভিডিও কিংবা ছোট ব্যবসার প্রচারণামূলক ভিডিও তৈরিতে এটি কার্যকর হতে পারে। এটি নতুন থেকে মাঝারি দক্ষতার ভিডিও এডিটিং, ইউটিউবার, শিক্ষার্থী ও ছোট ব্যবসার কনটেন্ট নির্মাতাদের জন্য।

আইমুভি
অ্যাপলের ডিভাইস ব্যবহারকারীদের জন্য ভিডিও এডিটিং শেখার সহজ মাধ্যম হতে পারে আইমুভি। ম্যাক, আইফোন ও আইপ্যাডে সাধারণ ভিডিও এডিটিংয়ের জন্য এটি বেশ কার্যকর। ভিডিও কাটছাঁট, শিরোনাম, ট্রানজিশন, সংগীত ও মৌলিক ইফেক্ট ব্যবহারের সুবিধা রয়েছে। পেশাদার ভিডিও এডিটিংয়ের জন্য এর ক্ষমতা সীমিত হলেও ব্যক্তিগত ভিডিও কিংবা সাধারণ ইউটিউব কনটেন্টের জন্য যথেষ্ট। এটি নতুন ব্যবহারকারী, শিক্ষার্থী ও সাধারণ ভিডিও নির্মাতাদের জন্য।

ক্লিপচ্যাম্প
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট ক্লিপচ্যাম্প সহজ ভিডিও এডিটিংয়ের একটি বিকল্প। সাধারণ ভিডিও কাটছাঁট, লেখা, ট্রানজিশন ও টেমপ্লেট ব্যবহারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের উপযোগী ভিডিও তৈরির সুবিধা রয়েছে। যারা পেশাদার ভিডিও এডিটিং করেন না এবং দ্রুত একটি ভিডিও তৈরি করতে চান, তাদের জন্য ক্লিপচ্যাম্প কার্যকর হতে পারে। উইন্ডোজের নতুন ব্যবহারকারী, শিক্ষার্থী, অফিসের সাধারণ ভিডিও নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাদের জন্য।

কোন সফটওয়্যার কার জন্য?
ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার বেছে নেয়ার সময় কাজের ধরন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহজভাবে বললে পেশাদার ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো; বিনামূল্যে পেশাদার মানের কাজের জন্য ডাভিঞ্চি রিজলভ; ম্যাক ব্যবহারকারীদের জন্য ফাইনাল কাট প্রো; রিলস ও শর্টসের জন্য ক্যাপকাট; সহজে শেখার জন্য ফিলমোরা; অ্যাপল ডিভাইসে সাধারণ এডিটিংয়ের জন্য আইমুভি এবং উইন্ডোজে সহজ এডিটিংয়ের জন্য ক্লিপচ্যাম্প।

ভিডিও এডিটিংয়ের জন্য কেমন কমপিউটার প্রয়োজন?
ভালো সফটওয়্যার থাকলেই দ্রুত ভিডিও এডিটিং সম্ভব নয়। কমপিউটারের হার্ডওয়্যারও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ৪কে ভিডিও, ভারী ইফেক্ট, রঙ সংশোধন ও এআই-ভিত্তিক সুবিধা ব্যবহারের ক্ষেত্রে শক্তিশালী প্রসেসর, গ্রাফিকস প্রসেসর, পর্যাপ্ত র‍্যাম এবং দ্রুতগতির এসএসডি প্রয়োজন সাধারণ ভিডিও এডিটিংয়ের জন্য ১৬ গিগাবাইট র‍্যাম দিয়ে কাজ করা গেলেও নিয়মিত ৪কে ভিডিও, একাধিক ক্যামেরার ফুটেজ বা ভারী ইফেক্ট নিয়ে কাজ করলে ৩২ গিগাবাইট বা তার বেশি র‍্যাম সুবিধা দিতে পারে।

এ ছাড়া ভিডিওর মূল ফাইল সংরক্ষণের জন্য পর্যাপ্ত স্টোরেজ থাকা জরুরি। ৪কে ভিডিওর ফাইল আকার বড় হওয়ায় দ্রুত স্টোরেজ পূর্ণ হয়ে যেতে পারে। তাই নতুন কমপিউটার কেনার সময় শুধু প্রসেসরের গতি নয়, গ্রাফিকস প্রসেসর, র‍্যাম, এসএসডি, পর্দার মান ও সংযোগ ব্যবস্থার দিকেও নজর দেয়া উচিত।

ভিডিও এডিটিংয়ের জন্য সেরা সফটওয়্যার নির্বাচন আসলে ব্যক্তির প্রয়োজনের ওপর নির্ভর করে। শুধু বেশি সুবিধা আছে এমন সফটওয়্যার বেছে নেয়ার বদলে নিজের ভিডিওর ধরন, কাজের পরিমাণ, কমপিউটারের সক্ষমতা, দক্ষতা ও বাজেট বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সেরা ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার সেটিই, যেটি আপনার কাজকে সহজ করে, সময় বাঁচায় এবং আপনার প্রয়োজন অনুযায়ী কাঙ্ক্ষিত ফল দিতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *