এআই ও রোবটিক্স শিক্ষার প্রসারে বিডিওএসএন-ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চুক্তি
ক.বি.ডেস্ক: বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স এবং স্টেম শিক্ষার প্রসার ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিডিওএসএন এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ যৌথভাবে দেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং প্রশিক্ষণের একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করবে ।
গত মঙ্গলবার (১২ মে) রাজধানীর ধানমন্ডিতে ক্রিয়েটিভ আইটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ এবং বিডিওএসএন-এর কোষাধ্যক্ষ প্রমি নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন, বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান এবং পার্টনারশিপ ম্যানেজার মাহমুদ মীম।
বিডিওএসএন এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও), এআই অলিম্পিয়াড এবং স্টেম প্রতিযোগিতার জন্য বিশেষ প্রস্তুতিমূলক প্রোগ্রাম পরিচালনা করার জন্য একত্রে কাজ করবে। এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, রোবটিক্স ও এআই বুটক্যাম্প, ইনোভেশন ক্যাম্প এবং কোডিং ওয়ার্কশপের আয়োজন করবে।
পাশাপাশি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ-মুখী কারিকুলাম তৈরি এবং দক্ষ মেন্টর ও প্রশিক্ষক গড়ে তোলার ব্যাপারে যৌথভাবে কাজ করবে। দেশের নারী সমাজকে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত করতে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় দক্ষতা প্রদান করা ও স্কুল পর্যায়ে আউটরিচ সেশন এবং যৌথ প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তির বার্তা ছড়িয়ে দেয়ার ব্যাপারে কাজ করবে।





