সাম্প্রতিক সংবাদ

সফটওয়্যার টেস্টিংয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ, ১০ হাজার দক্ষ ইঞ্জিনিয়ার তৈরির পরিকল্পনা

ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড (আইএসটিকিউবি)-এর জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)-এর চার সদস্যের প্রতিনিধিদল। পর্তুগালে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং খাতের অগ্রগতি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরেন প্রতিনিধিরা।

বিএসটিবি-এর প্রেসিডেন্ট ড. এম নুরুজ্জামানের নেতৃত্বে অংশ নেয়া প্রতিনিধিদল সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ১০ হাজার সফটওয়্যার কোয়ালিটি ও টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি এবং তাঁদের কর্মসংস্থানের লক্ষ্য তুলে ধরে। এ লক্ষ্য অর্জনে আইএসটিকিউবির আন্তর্জাতিক নেটওয়ার্ক, সার্টিফিকেশন কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে বিএসটিবি।

বাংলাদেশে সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান এবং সরকারি দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয়ে এ উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিএসটিবির।

বিএসটিবি-এর উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘এসকিউএটি বাংলাদেশ ২০২৬’ সম্মেলন। ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে অংশ নিতে আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং অঙ্গনের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া এবং সাবেক প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। সম্মেলনটির একাডেমিক পার্টনার ডিআইইউ এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

বিএসটিবি প্রেসিডেন্ট ড. এম নুরুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং পেশাজীবী তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা। ১০ হাজার দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি ও তাঁদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার, বিশ্ববিদ্যালয়, সফটওয়্যার শিল্প এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সংশ্লিষ্টদের মতে, আইএসটিকিউবির আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং ঢাকায় আসন্ন এসকিউএটি বাংলাদেশ সম্মেলন দেশের সফটওয়্যার শিল্পের বিকাশ, আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন এবং দক্ষ জনশক্তির বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *