এক অ্যাপেই গান, খবর, খেলা ও টেলিযোগাযোগ সেবা নিয়ে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
ক.বি.ডেস্ক: টেলিযোগাযোগ সেবার গণ্ডি পেরিয়ে ডিজিটাল ও লাইফস্টাইল সেবার পরিসর আরও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির প্রচলিত সেলফ সার্ভিস অ্যাপ ‘মাইবিএল’ নতুন রূপে ‘মুক্ত’ নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি শুধু বাংলালিংক গ্রাহকদের জন্য নয়, দেশের যেকোনও মোবাইল অপারেটরের গ্রাহকেরাই ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ‘মুক্ত’ এমনভাবে তৈরি করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা কোনও নির্দিষ্ট মোবাইল অপারেটরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, বাংলাদেশের যেকোনও মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনও দেশের মোবাইল নম্বর ব্যবহার করে এতে লগইন করা যাবে। ফলে দেশের বাইরে অবস্থান করেও ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্ল্যাটফর্মটির বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
‘মুক্ত’ অ্যাপে টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিনোদন ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা ডিজিটাল সুবিধা যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ গ্রহণ, সর্বশেষ খবর জানা এবং খেলাধুলা দেখার মতো বিভিন্ন সেবা পাওয়া যাবে। একই প্ল্যাটফর্মে একাধিক ধরনের সেবা যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ ও সমন্বিত করাই উদ্যোগটির লক্ষ্য।
অ্যাপটির অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর পার্সোনালাইজেশন ফিচার। এটি ব্যবহারকারীর আগ্রহ, পছন্দ ও ব্যবহারের ধরন বিবেচনায় নিয়ে বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে। ফলে প্রত্যেক ব্যবহারকারী নিজের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী প্রাসঙ্গিক সেবা খুঁজে নিতে পারবেন।
এ ছাড়া অ্যাপটি থেকে শুধু নিজের মোবাইল নম্বরের সেবাই নয়, পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরের সেবাও পরিচালনা করা যাবে। এতে একটি অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক নম্বরের প্রয়োজনীয় সেবা ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘‘গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। গ্রাহককে অগ্রাধিকার দেয়ার অর্থ হলো, সংযোগ সেবার বাইরেও তাঁদের নানা ধরনের প্রয়োজন রয়েছে, তা বোঝা। মানুষ তাদের ডিজিটাল জীবনকে কোনো নির্দিষ্ট মোবাইল অপারেটরের সেবার মধ্যে সীমাবদ্ধ রাখে না। তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্তর মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।’
‘মুক্ত’ চালুর মধ্য দিয়ে বাংলালিংকের ডিজিটাল সেবা প্রদানের কৌশলেও নতুন মাত্রা যুক্ত হচ্ছে। এতদিন প্রতিষ্ঠানটির ডিজিটাল সেবার বড় অংশ মূলত নিজস্ব গ্রাহকদের কেন্দ্র করে পরিচালিত হলেও নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সেই পরিসর আরও বিস্তৃত হচ্ছে। এখন যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
সামগ্রিকভাবে ‘মুক্ত’ অ্যাপের মাধ্যমে টেলিযোগাযোগ, বিনোদন ও দৈনন্দিন প্রয়োজনীয় ডিজিটাল সেবাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসতে চায় বাংলালিংক। গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল অভিজ্ঞতাকে সহজ, ব্যক্তিগত পছন্দনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।





