ড্রোন ও অ্যাকশন ক্যামেরায় ৮কে ভিডিও ধারণে টিমগ্রুপের নতুন মাইক্রোএসডি কার্ড
ক.বি.ডেস্ক: হাই রেজ্যুলেশনের ভিডিও ধারণ ও দ্রুতগতির ইমেজিং প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডের সক্ষমতার চাহিদাও বাড়ছে। বিশেষ করে ৮কে ভিডিও রেকর্ডিং, ৪কে ১২০ ফ্রেম পার সেকেন্ড (এফপিএস) এবং উচ্চ বিটরেটের ভিডিও ধারণের ক্ষেত্রে শুধু ডেটা ট্রান্সফার গতি নয়, ধারাবাহিক রাইট পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। এ ধরনের চাহিদা বিবেচনায় নতুন এসিই ৮কে মাইক্রোএসডিএক্সসি মেমোরি কার্ড নিয়ে আসছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিমগ্রুপ।
নতুন এই মেমোরি কার্ডটি হাই রেজ্যুলেশনের ভিডিও ধারণে স্থিতিশীল পারফরম্যান্স দেয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। বিশেষ করে ড্রোন, অ্যাকশন ক্যামেরা এবং অন্যান্য উন্নত ইমেজিং ডিভাইসে ব্যবহারের উপযোগী করে তৈরি হয়েছে এসিই ৮কে। দীর্ঘ সময় ধরে ভিডিও রেকর্ডিংয়ের সময় পর্যাপ্ত ডেটা রাইট গতি বজায় রাখার মাধ্যমে রেকর্ডিং মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করবে কার্ডটি।
পারফরম্যান্সের দিক থেকে টিমগ্রুপ এসিই ৮কে মাইক্রোএসডিএক্সসি মেমোরি কার্ডে রয়েছে ইউএইচএস স্পিড ক্লাস থ্রি (ইউথ্রি) এবং ভিডিও স্পিড ক্লাস ৩০ (ভি৩০) রেটিং। এতে সর্বোচ্চ ১৬০ এমবি/সেকেন্ড রিড স্পিড এবং ১১০ এমবি/সেকেন্ড রাইট স্পিড পাওয়া যাবে। ভি৩০ রেটিং অনুযায়ী, কার্ডটি প্রতি সেকেন্ডে ন্যূনতম ৩০ মেগাবাইট ধারাবাহিক রাইট গতি নিশ্চিত করে। ফলে প্রয়োজনীয় রাইট স্পিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসে ৮কে ভিডিও রেকর্ডিংয়ের মতো উচ্চক্ষমতাসম্পন্ন কাজে এটি ব্যবহার করা যাবে।
উন্নত ভিডিও কমপ্রেশন প্রযুক্তির কারণে তুলনামূলক কম স্টোরেজ ব্যবহার করেও ৮কে ভিডিওতে উচ্চমানের ছবি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। এ ধরনের প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এসিই ৮কে মেমোরি কার্ডটি উচ্চ বিটরেটের ভিডিও ধারণে স্থিতিশীল ডেটা রাইট পারফরম্যান্স দেয়ার জন্য তৈরি করা হয়েছে।
টিমগ্রুপ জানিয়েছে, কার্ডটি ডিজেআই অ্যাভাটা ৩৬০ ড্রোন এবং ডিজেআই অসমো অ্যাকশন ৬ অ্যাকশন ক্যামেরায় পরীক্ষা করা হয়েছে। এসব ডিভাইসে উচ্চমানের ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে স্থিতিশীল পারফরম্যান্স প্রদর্শন করেছে এসিই ৮কে। ফলে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ভিডিও ধারণ কিংবা অ্যাকশন ক্যামেরায় দ্রুতগতির দৃশ্য ধারণের ক্ষেত্রে কনটেন্ট নির্মাতাদের জন্য এটি নির্ভরযোগ্য স্টোরেজ সমাধান হতে পারে।
স্টোরেজ সক্ষমতার ক্ষেত্রে এসিই ৮কে মেমোরি কার্ডটি ১২৮ জিবি থেকে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত বিভিন্ন ধারণক্ষমতায় পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগী করতে এতে একাধিক সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। কার্ডটি পানি, ধুলা, আঘাত, ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ, এক্স-রে এবং চরম তাপমাত্রার বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।
টিমগ্রুপের তথ্য অনুযায়ী, এসিই ৮কে মাইক্রোএসডিএক্সসি মেমোরি কার্ড নভেম্বরের শুরুতে বাজারে আসার কথা রয়েছে। প্রাথমিকভাবে উত্তর আমেরিকা ও জাপানের অ্যামাজন প্ল্যাটফর্মে পণ্যটির বিক্রি শুরু হবে। পরবর্তী সময়ে অন্যান্য বাজারে এর প্রাপ্যতা সম্পর্কে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক বিতরণ চ্যানেলগুলোতে তথ্য প্রকাশ করা হবে।





