সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশেই তৈরি হচ্ছে স্মার্টফোনের মাদারবোর্ড, রপ্তানির লক্ষ্য স্মার্ট হাইটেকের

ক.বি.ডেস্ক: স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনে নতুন সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন চালু করেছে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটির এই উদ্যোগে স্মার্টফোন উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি ধাপ এখন বাংলাদেশেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগের উৎপাদন সক্ষমতা, বাজার পরিস্থিতি ও রপ্তানির সম্ভাবনা সরেজমিনে দেখতে বাংলাদেশে এসেছে সিঙ্গাপুরের নানিয়াং বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের চার সদস্যের একটি প্রতিনিধি দল। সফরকালে প্রতিনিধি দলটি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত স্মার্ট হাইটেকের কারখানা পরিদর্শন করে এবং প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সম্পর্কে ধারণা নেয়।

নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্প্যান ক্যাপস্টোন কর্মসূচির আওতায় পরিচালিত নয় মাসের গবেষণা প্রকল্প ‘প্রজেক্ট স্মার্টঅ্যাসেন্ড’-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়। ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলমান প্রকল্পটিতে বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে প্রতিনিধি দলটি।

সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা স্মার্ট হাইটেকের নতুন এসএমটি উৎপাদন লাইন সহ কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি বাংলাদেশের স্মার্টফোন বাজার, প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যালয় এবং অংশীদার বিক্রয়কেন্দ্রগুলোও পরিদর্শন করেন। এ সময় তারা স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এ সফরের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা আমাদের উৎপাদনপ্রক্রিয়া ও বাজার পরিস্থিতি সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। এই কারখানা চালুর সময় আমরা বলেছিলাম, বাংলাদেশেই বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য তৈরি করা সম্ভব। নতুন এসএমটি লাইন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিচ্ছে। আমরা শুধু ফোন সংযোজন করছি না, ফোন তৈরি করছি। আমাদের পরবর্তী লক্ষ্য রপ্তানি। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে “মেড ইন বাংলাদেশ” স্মার্টফোন পৌঁছে দিতে চাই।’

নানিয়াংয়ের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা গ্লেন লিম বলেন, ‘কারখানা পরিদর্শন ও স্থানীয় বাজার পর্যবেক্ষণের মাধ্যমে দলের সদস্যরা স্মার্টফোন শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। আমাদের কারখানা পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় স্মার্ট হাইটেকের সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ১৫০ কোটি টাকা বিনিয়োগে স্মার্ট হাইটেকের কারখানাটি চালু হয়। কারখানাটিতে উৎপাদিত প্রথম অনার স্মার্টফোন ছিল অনার এক্স৬সি, যা ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে দেশের বাজারে আসে। নতুন এসএমটি লাইন চালুর ফলে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনে স্থানীয় সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *