সাম্প্রতিক সংবাদ

বরিশাল বিভাগে আইএসপিএবির ৯ সদস্যের আঞ্চলিক উপ-কমিটি গঠন

ক.বি.ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বরিশাল বিভাগে ৯ সদস্যের আঞ্চলিক উপ-কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ইন্টারনেট ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধান এবং মানসম্মত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করাই এ কমিটির অন্যতম লক্ষ্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) বরিশালের একটি স্থানীয় কনভেনশন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় আইএসপিএবির সংঘবিধির ১৪(৯) উপ-ধারা অনুসরণ করে বরিশাল বিভাগে ৯ সদস্যের আঞ্চলিক উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে বরিশাল বিভাগের আইএসপিএবি সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, পরিচালক- রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন এবং অফিস সেক্রেটারি বিজয় কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরোটেল বিডির ব্যবস্থাপনা পরিচালক এস এম জাকির হোসেন।

সভায় উপস্থিত সদস্যদের মতামত ও পারস্পরিক আলোচনার পর আগামী ছয় মাসের জন্য ৯ সদস্যের বরিশাল বিভাগীয় আঞ্চলিক উপ-কমিটি ঘোষণা করা হয়। এতে এসবিসি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী মো. ফিরোজ আলমকে আহ্বায়ক এবং কোয়ান্টাম ব্রডব্যান্ডের স্বত্বাধিকারী মো. মেহেদি হাসান আরমানকে সদস্য-সচিব করা হয়েছে।

মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘‘সদস্যদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা, সরকারের সঙ্গে ইন্টারনেট শিল্পের স্বার্থসংশ্লিষ্ট নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখা এবং সদস্যদের বিভিন্ন সমস্যা সম্মিলিতভাবে সমাধান করাই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য। সদস্যরা সক্রিয়ভাবে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে ইন্টারনেট সেবার বিভিন্ন সমস্যা, ক্যাবল কাটাকাটি ও দখলবাণিজ্য ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি কমিউনিটি নেটওয়ার্ক, ভ্যাট প্যাকেজের আওতায় আইএসপিদের আনা, ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন, কমন প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সার্ভিস এবং ওয়াই-ফাই জোন চালুর ওপর গুরুত্ব দিতে হবে।’’

নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘‘বরিশাল বিভাগের আইএসপি ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সরকারি নীতিমালা বাস্তবায়ন, স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বল্পমূল্যে নিক্স সেবা, ডেটা সেন্টার স্থাপন, সিএসটিএফ গঠন, বিভাগীয় শহরে ইন্টারনেট মেলা আয়োজন, লিডার সামিটে অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমন এক্সেস নেটওয়ার্ক তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে।’’

বরিশাল বিভাগে আইএসপিএবির ৯ সদস্যের আঞ্চলিক উপ-কমিটি
আহ্বায়ক হলেন এসবিসি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী মো. ফিরোজ আলম। সদস্য-সচিব হলেন কোয়ান্টাম ব্রডব্যান্ডের স্বত্বাধিকারী মো. মেহেদি হাসান আরমান। ৭ জন সদস্য হলেন- ইনজয় নেটওয়ার্কের স্বত্বাধিকারী সৈয়দ এমরান আলী রিপন; মালতিয়া নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. আরাফাত হোসেন মালতিয়া; বিডিএস ডট নেটের স্বত্বাধিকারী মো. সাদ্দাম হাওলাদার; ভোলা ডট নেটের ব্যবস্থাপনা অংশীদার মো. হেলাল উদ্দিন রাজ্জাক; এয়ারনেটের স্বত্বাধিকারী আল-আমিন জমাদার; স্পাইডার নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান এবং রুরাল নেটের স্বত্বাধিকারী সৈয়দ এম এম নাহিন আহসান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *