বিনামূল্যে এআই দিয়ে কোডিং, ফ্রিবাফ ব্যবহারের আগে যে বিষয়গুলো জানা জরুরি
ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এখন আর শুধু চ্যাটবটের মধ্যে সীমাবদ্ধ নেই। কোড লেখা, ওয়েবসাইট তৈরি কিংবা বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে জনপ্রিয় হয়ে ওঠছে এআই কোডিং সহকারী। তবে ক্লড কোড, গুগল ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের উন্নত সেবা ব্যবহারে মাসে প্রায় ২০ ইউরো বা তার বেশি খরচ হয়। এই খরচ এড়াতে বিনামূল্যে এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে ফ্রিবাফ। বিজ্ঞাপননির্ভর এই প্ল্যাটফর্মটি প্রায় সীমাহীন ব্যবহারের প্রতিশ্রুতি দিলেও এর তথ্য সংগ্রহ ও গোপনীয়তা নীতি নিয়ে রয়েছে উদ্বেগ।
ক্লড কোডের বিনামূল্যের বিকল্প ফ্রিবাফ
ক্লড কোড ও ওপেনকোডের মতোই ফ্রিবাফ ব্যবহার করে কোড লেখা, ওয়েবসাইট তৈরি, ব্রাউজারভিত্তিক গেম নির্মাণ কিংবা ছোটখাটো সফটওয়্যার তৈরি করা যায়। এমনকি ই-মেইল খুঁজে তথ্য বের করা, বার্তার সারসংক্ষেপ তৈরি এবং বিভিন্ন অ্যাপ ও প্রয়োজনীয় উপাদান স্বয়ংক্রিয়ভাবে স্থাপনের কাজও করানো সম্ভব।
ফ্রিবাফের কমান্ড লাইন সংস্করণ, স্বয়ংক্রিয় সহকারী ও সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম গিটহাবে বিনামূল্যে পাওয়া যায়। তবে এর ডেস্কটপ অ্যাপ, সার্ভার অবকাঠামো ও পুরো প্ল্যাটফর্মের মালিকানা প্রতিষ্ঠানটির নিজস্ব। সেবাটিতে এখন অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশনের ব্যবস্থাও রয়েছে। বিনামূল্যে ব্যবহারের সুযোগ তুলনামূলক উদার হলেও কোন মডেল কতক্ষণ ব্যবহার করা যাবে, তা নিয়মিত পরিবর্তিত হচ্ছে। ব্যবহারকারীর দেশভেদেও সুবিধার পার্থক্য হতে পারে।
কীভাবে আয় করে ফ্রিবাফ
ফ্রিবাফের আয়ের উৎস মূলত অ্যাপের ভেতরে প্রদর্শিত বিজ্ঞাপন। শুরুতে বিজ্ঞাপনগুলো কম চোখে পড়লেও সাম্প্রতিক সময়ে রঙিন ব্যানার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতীকযুক্ত বিজ্ঞাপনের উপস্থিতি বেড়েছে। ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও বাণিজ্যিক ব্যবহার। প্রতিষ্ঠানটির গোপনীয়তা নীতিমালা অনুযায়ী, ব্যবহারকারীর তথ্য ব্যক্তিভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শন, এআই প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট মডেল সরবরাহকারীদের সঙ্গে ভাগ করে নেয়ার কাজে ব্যবহৃত হতে পারে। অর্থের বিনিময়ে অতিরিক্ত ব্যবহারসীমা ও সুবিধা প্রদান।
ফ্রিবাফ ব্যবহারে কতটা নিরাপদ
প্ল্যাটফর্মটির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো তথ্য সংগ্রহের পরিধি। গোপনীয়তা নীতিমালায় ব্যবহারকারীর দেয়া তথ্যের পাশাপাশি অ্যাপ ব্যবহারের সময় মাউস ও কি-বোর্ডের কার্যক্রমসংক্রান্ত তথ্য সংগ্রহের কথাও উল্লেখ রয়েছে। ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দের ধরন নির্ধারণ এবং ব্যবহৃত যন্ত্রের বিভিন্ন তথ্য সংগ্রহের সুযোগও রয়েছে। ফলে ব্যক্তিগত নথি, পাসওয়ার্ড, আর্থিক তথ্য কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্য এই প্ল্যাটফর্মে সরবরাহ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিনা মূল্যে ব্যবহারের সুবিধা থাকলেও তথ্যের গোপনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
কোন কোন এআই মডেল পাওয়া যায়
ফ্রিবাফে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ রয়েছে। তবে মডেলভেদে ব্যবহারের সময়সীমা আলাদা। তুলনামূলক শক্তিশালী মডেল ব্যবহার করলে বরাদ্দকৃত সময় দ্রুত শেষ হতে পারে। সাম্প্রতিক পরিবর্তনে ডিপসিক ভি৪.১ ফ্ল্যাশ ফাস্ট মডেলের বিনা মূল্যে ব্যবহারের সীমা কমিয়ে তিন ঘণ্টা করা হয়েছে। জিপিটি-৬ লুনা মডেলটি শুধু অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন গ্রহণকারীদের জন্য উন্মুক্ত। অন্যদিকে নেমোট্রন ৩.৫ লাইটনিং ও সোলার ৪ মিনির মতো তুলনামূলক ছোট মডেলে বেশি ব্যবহারের সুযোগ রয়েছে।
কত দিন কার্যকর থাকবে বিনা মূল্যের সুবিধা
কয়েক সপ্তাহ আগেও উন্নত মডেল, উদার ব্যবহারের সীমা এবং তুলনামূলক কম বিজ্ঞাপনের কারণে ফ্রিবাফ ছিল আকর্ষণীয় একটি বিকল্প। তবে সম্প্রতি বিনা মূল্যের ব্যবহারের সুযোগ কমেছে, উন্নত মডেলগুলো অর্থের বিনিময়ে ব্যবহারের আওতায় যাচ্ছে এবং বিজ্ঞাপনের উপস্থিতিও বাড়ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিনামূল্যের সুবিধা আরও সীমিত হতে পারে। তারপরও আপাতত ব্যক্তিগত ও ছোটখাটো প্রকল্পে এআইয়ের সহায়তা নিতে ফ্রিবাফ ব্যবহার করা যেতে পারে। তবে ব্যবহারের আগে এর তথ্য সংগ্রহ ও গোপনীয়তা নীতি সম্পর্কে জেনে নেয়া জরুরি।





