উদ্যোগ

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রস্তুতি, প্রশিক্ষণ পেলেন ২০ শিক্ষার্থী

ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইএআইও) ২০২৭-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘আইএআইও গ্রুমিং ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগিতায় গত ২ ও ৩ নভেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত ৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশ নেয় ৪৬ জন প্রতিযোগী। লিখিত গাণিতিক পরীক্ষা ও ‘কাগল’ প্ল্যাটফর্মে মেশিন লার্নিং প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে তাঁদের মধ্য থেকে ২০ জনকে গ্রুমিং ক্যাম্পের জন্য বাছাই করা হয়।

কর্মশালার প্রথম দিনে ডেটা সায়েন্স, সুপারভাইজড ও আনসুপারভাইজড লার্নিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, রিগ্রেশন, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন, নিউরাল নেটওয়ার্ক ও ডিপ লার্নিং নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অ্যাটেনশন মেকানিজম ও ট্রান্সফরমারের মতো আধুনিক এআই প্রযুক্তি নিয়েও আলোচনা হয়।

দ্বিতীয় দিনে মডেল মূল্যায়ন, কমপিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি), অডিও প্রসেসিং, জেনারেটিভ মডেল ও ডিফিউশন মডেল নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। সব ব্যবহারিক কার্যক্রম পরিচালিত হয় পাইটর্চ ফ্রেমওয়ার্কে।

কর্মশালার সেশন পরিচালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক ও গবেষকেরা। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মো. গোলাম রবিউল আলম, ড. মো. আশরাফুল আলম, মো. তানজিম রেজা, মো. সাইফুল বারী সিদ্দিকী সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও গবেষক।

৩ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, সিএসই বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী, ড. মো. আশরাফুল আলম এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াড দলের কোচ ড. মোহাম্মদ আজম খান উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো, ধারাবাহিকভাবে শেখা এবং দেশের সমস্যা সমাধানে এআই ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

আগামী ৬ ও ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে গ্রুমিং ক্যাম্পে অংশ নেয়া শিক্ষার্থীদের নিয়ে টিম সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণরা ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ভিয়েতনামে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

উল্লেখ্য, আইএআইও স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক এআই প্রতিযোগিতা। এতে বিভিন্ন দেশের প্রতিযোগীরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার তাত্ত্বিক ও ব্যবহারিক সমস্যা সমাধান করে। বাংলাদেশ এবার তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিতে দল গঠন করছে। আয়োজনটির নলেজ ও ভেন্যু পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *