উদ্যোগ

দক্ষ প্রযুক্তি জনবলের কর্মসংস্থানে ওস্তাদ-টেকনট্যালেন্টসের অংশীদারত্ব

ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তি খাতে দক্ষ জনবলের চাহিদা ক্রমেই বাড়ছে। এই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ প্রযুক্তি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দক্ষ জনবলের সংযোগ আরও সহজ করতে অংশীদারত্বে এসেছে অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওস্তাদ এবং আইসিটি চাকরি ও নিয়োগ প্ল্যাটফর্ম টেকনট্যালেন্টস।

সম্প্রতি ঢাকায় এক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের যাত্রা করে। এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি কার্যকর সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়েছে দুই প্রতিষ্ঠান। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন টেকনট্যালেন্টস-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আসিফ এবং ওস্তাদের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল্লাহ আল মুসাব্বির। এ সময় ওস্তাদের হেড অব প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ফাহিম সিদ্দিক আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, প্রযুক্তি খাতে দক্ষ ব্যক্তি ও আইটি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের ক্যারিয়ার উন্নয়নে যৌথভাবে কাজ করবে ওস্তাদ ও টেকনট্যালেন্টস। এই অংশীদারত্বের ফলে ওস্তাদের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও বিশেষায়িত দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরির সুযোগ সহজে খুঁজে পাবেন।

অন্যদিকে, নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোও টেকনট্যালেন্টস-এর মাধ্যমে আরও বড় পরিসরে চাকরির জন্য প্রস্তুত দক্ষ প্রযুক্তি কর্মীদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। ওস্তাদের প্রশিক্ষিত ও দক্ষ জনবলকে উপযুক্ত চাকরি খুঁজে পেতে সহায়তা করবে টেকনট্যালেন্টস। পাশাপাশি, টেকনট্যালেন্টস-এর চাকরি প্ল্যাটফর্মে যোগ্য ও দক্ষ প্রযুক্তি কর্মীদের যুক্ত করতে সহযোগিতা করবে ওস্তাদ।

ওস্তাদের দক্ষতা উন্নয়নভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং টেকনট্যালেন্টস-এর চাকরি প্ল্যাটফর্ম ও নিয়োগ নেটওয়ার্ককে একত্র করে প্রযুক্তি খাতে নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠান দুটি। একই সঙ্গে চাকরিপ্রত্যাশী দক্ষ পেশাজীবীদের জন্য অর্থবহ ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরিতেও কাজ করবে তারা।

এই অংশীদারত্ব বাংলাদেশের দক্ষ জনশক্তি ও প্রযুক্তি খাতের কর্মসংস্থান পরিবেশকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নিয়োগদাতারা সহজে প্রয়োজনীয় দক্ষ জনবল খুঁজে পাবেন এবং প্রশিক্ষিত ও দক্ষ ব্যক্তিরা নিজেদের যোগ্যতা অনুযায়ী সফল ক্যারিয়ার গড়ার আরও বেশি সুযোগ পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *