সাম্প্রতিক সংবাদ

২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ক.বি.ডেস্ক: ২০৩১ সালের মধ্যে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতের অবদান মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। শিগগিরই নীতিমালাটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এ মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে ছিল বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘নতুন এসএমই নীতিমালার মূল লক্ষ্য বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করা হবে।’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় নতুন উদ্যোক্তা তৈরির কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এসএমই খাতের বিকাশে মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা বড় প্রতিবন্ধকতা। এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা দেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণে ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রচার, জিআই ও ট্রেডমার্ক নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজারসংযোগের সুযোগ বাড়াতে সরকার বিশেষ উদ্যোগ নেয়ার কথা বিবেচনা করছে। এসএমই খাতের মাধ্যমে তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাই।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *