৭,৫০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসরে রেডমি ১৭ ফাইভজি
ক.বি.ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন ফাইভজি স্মার্টফোন রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর, ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সমন্বয়ে তৈরি ফোনটি দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও বিনোদনের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্য নিয়ে বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
রেডমি ১৭ ফাইভজিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর এবং ফাইভজি কানেক্টিভিটি। এর মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং ও একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং কাজ ও বিনোদনের জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখে ডিভাইসটি তৈরি করা হয়েছে।
ফোনটির অন্যতম আকর্ষণ ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বড় ব্যাটারি। দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জের জন্য এতে রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি। ফলে বারবার চার্জ দেয়ার প্রয়োজন কমানোর পাশাপাশি অল্প সময়ে ব্যাটারি চার্জ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ব্যবহার করা হয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে, যাতে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। এর ফলে স্ক্রলিং, ভিডিও দেখা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারে পাওয়া যাবে মসৃণ অভিজ্ঞতা।
স্থায়িত্বের দিকেও গুরুত্ব দিয়েছে শাওমি। স্মার্টফোনটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। ফলে ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারে ডিসপ্লের স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে এসব প্রযুক্তি। ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। রয়েছে শাওমির হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম।
বাংলাদেশে রেডমি ১৭ ফাইভজি উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের ফাইভজি যুগের দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে সবার কাছে অত্যাধুনিক প্রযুক্তি সহজলভ্য করা শাওমির প্রতিশ্রুতি। নতুন ফোনটি বাজারে আনার মাধ্যমে প্রতিষ্ঠানটির ফাইভজি স্মার্টফোনের পোর্টফোলিও আরও সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন মূল্যস্তরের গ্রাহকদের কাছে ফাইভজি প্রযুক্তির সুবিধা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
রেডমি ১৭ ফাইভজি ব্ল্যাক ও ভিভিড অরেঞ্জ এই দুই রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৩১ হাজার ৯৯৯ টাকা। দেশের শাওমির সব অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারের কাছে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।





