সাম্প্রতিক সংবাদ

বাক্কোর সদস্যদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করছে বাংলালিংক

ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলালিংকের ব্যবসায়িক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি করপোরেট সেবা, টেলিযোগাযোগ সুবিধা এবং ডিজিটাল সমাধান সম্পর্কে জানার নতুন সুযোগ তৈরি হবে।

এই সমঝোতার মূল লক্ষ্য হলো বাংলালিংক ও বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ করা। এর আওতায় বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলালিংকের করপোরেট পণ্য, টেলিযোগাযোগ সেবা, ডিভাইস, ডিজিটাল সলিউশন সহ বিভিন্ন প্রাসঙ্গিক ব্যবসায়িক সেবা সম্পর্কে জানতে পারবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম, সহসভাপতি মো. তানজিরুল বাসার, পরিচালক আব্দুল কাদের, নির্বাহী সমন্বয়ক সেলিম সরকার, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নাজিহা সুলতানা এবং সিসিপ-বাক্কো প্রোগ্রামের প্রধান সমন্বয়ক লে. কর্নেল (অব.) মো. মাহতাবুল হক। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের গভর্নমেন্ট রিলেশনস ডিরেক্টর এ এইচ এম হাসিনুল কুদ্দুস, স্ট্র্যাটেজিক বিজনেস বিভাগের প্রধান সিরাজ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সমঝোতা স্মারকের আওতায় আগ্রহী সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলালিংকের যোগাযোগ স্থাপন ও ব্যবসায়িক সম্পৃক্ততা বাড়াতে সহযোগিতা করবে বাক্কো। এ ছাড়া দুই পক্ষের মধ্যে প্রাসঙ্গিক তথ্য ও প্রচারমূলক উপকরণ বিনিময় এবং বাক্কোর বিভিন্ন আয়োজন ও নেটওয়ার্কিং কার্যক্রমে বাংলালিংকের অংশগ্রহণের সুযোগ তৈরিতেও কাজ করা হবে।

এ উদ্যোগের ফলে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসায়িক চাহিদা অনুযায়ী বাংলালিংকের উপযুক্ত করপোরেট সেবা, টেলিযোগাযোগ সুবিধা ও ডিজিটাল সমাধান সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবে। পাশাপাশি এসব সেবার মাধ্যমে নিজেদের কার্যক্রমের প্রয়োজন মেটানো এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ কাজে লাগানোর পথও উন্মুক্ত হবে। তবে সমঝোতা স্মারকের আওতায় কোনও পণ্য বা সেবা কেনার ক্ষেত্রে বাংলালিংক ও সংশ্লিষ্ট সদস্য প্রতিষ্ঠানের মধ্যে পৃথক চুক্তি সম্পাদন করতে হবে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাক্কো ও বাংলালিংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হলো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে করপোরেট সেবা ও ডিজিটাল সমাধানকেন্দ্রিক ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বিস্তৃত হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *