আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

টিমগ্রুপের ডিডিআর৫ মেমোরি পেল জাপানের গুড ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬

ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজ, উচ্চক্ষমতার কম্পিউটিং ও সৃজনশীল কনটেন্ট তৈরির জন্য বিশেষভাবে তৈরি ডিডিআর৫ ডেস্কটপ মেমোরি টি-ক্রিয়েট এক্সপার্ট এআই সিকিউডিআইএমএম জাপানের মর্যাদাপূর্ণ গুড ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে। মেমোরি ও স্টোরেজ প্রযুক্তি নিয়ে কাজ করা বৈশ্বিক প্রতিষ্ঠান টিমগ্রুপ ইনকরপোরেটেড এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কমপিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল পরিচালনা এবং বড় আকারের গণনানির্ভর কাজ সহজ করার লক্ষ্যে তৈরি এই মেমোরি মডিউলটি প্রতি মডিউলে ১২৮ জিবি ধারণক্ষমতা দিতে সক্ষম। এটি টিমগ্রুপের প্রথম ডিডিআর৫ সিকিউডিআইএমএম ডেস্কটপ মেমোরি, যেখানে একক মডিউলেই এত বেশি ধারণক্ষমতা রাখা হয়েছে। রয়েছে স্বতন্ত্র ক্লক ড্রাইভার এবং পেটেন্ট করা আইসি গ্রেডিং যাচাই প্রযুক্তি। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত ওভারক্লকিং ছাড়াই এটি জেইডিইসি নির্ধারিত ১.১ ভোল্ট ভোল্টেজে ৮০০০ এমটি/সেকেন্ড ডেটা স্থানান্তর গতি দিতে পারে।

দুটি মেমোরি স্লটে দুটি মডিউল ব্যবহার করলে মোট ধারণক্ষমতা দাঁড়ায় ২৫৬ জিবি। ফলে বড় ভাষা মডেল পরিচালনা, স্থানীয়ভাবে এআই গণনা এবং বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করার ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন। বিশেষ করে যেসব নির্মাতা ও ডেভেলপার কম্পিউটারেই এআই মডেল চালাতে চান, তাঁদের জন্য উচ্চ ধারণক্ষমতার এই মেমোরি কার্যকর সমাধান হতে পারে।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত গুড ডিজাইন অ্যাওয়ার্ডে পণ্য মূল্যায়নের জন্য একাধিক ধাপের কঠোর প্রক্রিয়া অনুসরণ করা হয়। এতে মানবিক প্রয়োজন, শিল্প, সমাজ ও সময় এই চারটি দৃষ্টিকোণ থেকে পণ্যের নকশা, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি উপযোগিতা বিবেচনা করা হয়।

টিমগ্রুপ জানিয়েছে, প্রতিষ্ঠানটি টানা একাধিক বছর ধরে এই পুরস্কার অর্জন করে আসছে। টি-ক্রিয়েট সিরিজের মিনিমালিস্ট নকশার ধারাবাহিকতা বজায় রেখে তৈরি এক্সপার্ট এআই সিকিউডিআইএমএমে নান্দনিকতার পাশাপাশি ব্যবহারিক সুবিধাকেও গুরুত্ব দেয়া হয়েছে। উচ্চ কর্মক্ষমতা, কম বিদ্যুৎ খরচ এবং বেশি ধারণক্ষমতার সমন্বয়ে তৈরি এই মেমোরি স্থানীয় এআই কম্পিউটিংয়ের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে নকশা করা হয়েছে। আন্তর্জাতিক নকশাবিশেষজ্ঞদের স্বীকৃতি পণ্যটির প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্যবহারকারীর প্রয়োজনকে সমন্বিত করার প্রচেষ্টাকে তুলে ধরে।

টি-ক্রিয়েট এক্সপার্ট এআই সিকিউডিআইএমএম ডিডিআর৫ মেমোরি ইন্টেলের জেড৮৯০ প্ল্যাটফর্মের ২-ডিআইএমএম/১এসপিসি মেমোরি বিন্যাসের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি বড় ভাষা মডেলের ইনফারেন্স, ৪কে ও ৮কে ভিডিও কনটেন্ট তৈরি এবং ত্রিমাত্রিক রেন্ডারিংয়ের মতো উচ্চক্ষমতাসম্পন্ন কাজের জন্য তৈরি। দীর্ঘ সময় ধরে কাজের সময় তাপ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য এতে ছিদ্রযুক্ত হিট স্প্রেডার ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ভারী কাজের সময় মেমোরির তাপ ব্যবস্থাপনার প্রয়োজন মেটানোর চেষ্টা করা হয়েছে।

এআই ডেভেলপার, ত্রিমাত্রিক অ্যানিমেটর এবং পেশাদার কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করে তৈরি এই মেমোরি উচ্চ ধারণক্ষমতা, দ্রুত ডেটা স্থানান্তর এবং স্থিতিশীল কর্মক্ষমতার সমন্বয় দিতে চায়। স্থানীয়ভাবে এআই পরিচালনা ও জটিল সৃজনশীল কাজের জন্য শক্তিশালী ডেস্কটপ তৈরিতে এটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *