উদ্যোগ

২৭ বছরের আস্থার উদযাপন, ৮ ডিসেম্বর শুরু হচ্ছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৬’

ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তিপ্রেমী ক্রেতা, গ্রাহক ও দর্শনার্থীদের জন্য আবারও শুরু হতে যাচ্ছে ‘এআই ও প্রযুক্তির সাথে, আগামীর পথে’ প্রতিপাদ্যে প্রযুক্তিপণ্যের মহামিলনমেলা ‘‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৬’’। আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কমপিউটার সিটিতে অনুষ্ঠিত হবে এ আয়োজন। বিসিএস কমপিউটার সিটির আস্থার ২৭ বছর পূর্তি এবং ২৮ বছরে পদার্পণ উপলক্ষে ব্যবস্থাপনা কমিটি আয়োজন করছে আট দিনব্যাপী এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং দর্শনার্থীদের প্রবেশের জন্য কোনও টিকিট লাগবে না।

‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৬’-এ থাকছে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কমপিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, সিসি ক্যামেরা, স্মার্ট ডিভাইস, আইওটি পণ্য, গেমিং গিয়ার সহ নানা ধরনের প্রযুক্তিপণ্যের বিশাল সমাহার। বিশ্বখ্যাত ব্র্যান্ডের এসব পণ্য এক ছাদের নিচে সরাসরি দেখার পাশাপাশি যাচাই-বাছাই ও কেনার সুযোগ পাবেন ক্রেতারা। থাকছে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী গ্যাজেটের প্রদর্শনী এবং লাইভ ডেমো দেখার সুযোগও।

প্রতিবারের মতো এবারও মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন এবং র‍্যাফেল ড্রসহ নানা আকর্ষণীয় আয়োজন। মেলায় কেনাকাটার পাশাপাশি প্রযুক্তির নতুনত্ব উপভোগ এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে অংশ নেয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে গেমিং প্রতিযোগিতা পাশাপাশি শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মেলায় অংশ নেবে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ব্র্যান্ড, আমদানিকারক ও সেবাদানকারী প্রতিষ্ঠান। থাকছে স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের স্টল। এবারের মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আসুস, লেনোভো, এমএসআই, পিসি পাওয়ার, সনি স্মার্ট এবং টিপি-লিঙ্ক এক্সেল।

১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর যাত্রা করে দেশের অন্যতম বৃহৎ ও আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্যের বিশেষায়িত বাজার বিসিএস কমপিউটার সিটি। রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে অবস্থিত প্রায় এক লাখ বর্গফুট আয়তনের চারতলা এই ভবনে রয়েছে ১৫৪টিরও বেশি প্রযুক্তিপণ্য বিক্রয়কেন্দ্র। দীর্ঘ ২৭ বছর ধরে প্রযুক্তিপণ্য বিক্রয় ও সেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করেছে এই প্রযুক্তিপণ্যের বাজার।

সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন এবং নতুন প্রজন্মের চাহিদাকে সামনে রেখে আয়োজিত ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৬’ শুধু কেনাকাটার আয়োজন নয়; বরং প্রযুক্তির নতুন সম্ভাবনা, উদ্ভাবন ও ব্যবসায়িক সংযোগ তৈরির একটি বড় প্ল্যাটফর্ম। প্রযুক্তিপ্রেমী ক্রেতা, শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীদের অংশগ্রহণে এবারের মেলাও হয়ে ওঠবে দেশের প্রযুক্তি শিল্পের অন্যতম বৃহৎ মিলনমেলা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *