ডাকসেবার আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: মন্ত্রী ফকির মাহবুব আনাম
ক.বি.ডেস্ক: ডাক বিভাগের সেবাকে আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য ডাকসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ডাক বিভাগের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আবু তালেব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। এ বিভাগের সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ প্রয়োজন। ডাক বিভাগের উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ডাক বিভাগের উন্নয়ন ও আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করছি।
এ সময় বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতারা জানান, ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তাঁরা সক্রিয়ভাবে কাজ করবেন। ডাক বিভাগের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে মন্ত্রীর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।





