আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

হার্ডডিস্ক ড্রাইভ উৎপাদন দ্বিগুণ করছে তোশিবা, ২০৩০ সালে আসছে ৬৫ টিবি হার্ডড্রাইভ

ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বড় ডেটা সেন্টারে স্টোরেজের চাহিদা বাড়তে থাকায় হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি) উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে তোশিবা। জাপানি প্রতিষ্ঠানটি ফিলিপাইনে হার্ডড্রাইভ উৎপাদন সম্প্রসারণে প্রায় ৬০০ কোটি ইয়েন (৩৮ কোটি ডলার) বিনিয়োগ করেছে। এর ফলে ২০২৭ অর্থবছরে প্রতিষ্ঠানটির নিয়ারলাইন এইচডিডি উৎপাদন সক্ষমতা ২০২৫ অর্থবছরের তুলনায় দ্বিগুণ হবে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের লাগুনা টেকনোপার্ক কারখানায় নতুন উৎপাদন লাইন স্থাপন করেছে তোশিবা। এসব লাইনে পরবর্তী প্রজন্মের এইচডিডি তৈরি করা হবে, যেখানে প্রতি ড্রাইভে স্টোরেজ সক্ষমতা সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। নতুন উৎপাদনব্যবস্থা প্রতিষ্ঠানটির এম১২ সিরিজের হার্ডড্রাইভ তৈরির প্রস্তুতির অংশ। এসব ড্রাইভে মাইক্রোওয়েভ-অ্যাসিস্টেড ম্যাগনেটিক রেকর্ডিং (এমএএমআর) প্রযুক্তি এবং সর্বোচ্চ ১১টি ডিস্ক প্ল্যাটার ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

২০২৭ সালে ৩০ টিবির বেশি ধারণক্ষমতার এইচডিডি বাজারে আনার লক্ষ্য রয়েছে তোশিবার। এ ছাড়া একই বছরে সর্বোচ্চ ১২টি প্ল্যাটারযুক্ত ৪০ টিবি শ্রেণির এইচডিডি আনার পরিকল্পনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৩০ সালের দিকে ৬৫ টিবি ধারণক্ষমতার এইচডিডি-এর ব্যাপক উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে তোশিবার। ভবিষ্যতে ১০০ টিবি ধারণক্ষমতার হার্ডড্রাইভ তৈরির পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। এ ধরনের ড্রাইভ এআই অবকাঠামো ও বৃহৎ ডেটা সেন্টারের বিপুল তথ্য সংরক্ষণে কাজে লাগবে।

উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানার ক্লিনরুম কার্যক্রম ও ড্রাইভ পরীক্ষার কাজে অটোমেশন বাড়াবে তোশিবা। এতে উৎপাদন দক্ষতা বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত কর্মীর প্রয়োজন প্রায় ৪০ শতাংশ কমানো সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সিগেট ও ওয়েস্টার্ন ডিজিটালের তুলনায় উচ্চ ধারণক্ষমতার এইচডিডি বাজারে কিছুটা পিছিয়ে রয়েছে তোশিবা। তবে উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ১০ শতাংশ বাজার হিস্যা থেকে মধ্যমেয়াদে ৩০ শতাংশে পৌঁছাতে চায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *