সাম্প্রতিক সংবাদ

ভিয়েতনামে আইএআইওতে অংশ নিতে বাংলাদেশি শিক্ষার্থী বাছাই চলছে জাতীয় পর্ব

ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইএআইও) ২০২৭-এ বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে জাতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) বিকেল ৩টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। এ পর্বের মধ্য দিয়ে ধাপে ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ভিয়েতনামে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

গত ১৫ থেকে ২৭ অক্টোবর অনলাইন নিবন্ধনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে। দেশের ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিবন্ধন করেছে ১১ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা। নীলফামারী, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, খুলনা, নড়াইল, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সহ ১৪টি জেলার শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে। নিবন্ধনকারীদের অর্ধেকের বেশি এর আগে বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে নটর ডেম কলেজ থেকে।

জাতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে। প্রথমে লিখিত গাণিতিক পরীক্ষার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি হিসেবে গণিতের দক্ষতা যাচাই করা হবে। দ্বিতীয় ধাপে বিশ্বের জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম কাগলে মেশিন লার্নিং প্রতিযোগিতায় অংশ নেবে শিক্ষার্থীরা।

জাতীয় পর্বে ভালো করা শিক্ষার্থীদের নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ ও ৩ নভেম্বর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর ৬ ও ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে হবে টিম সিলেকশন টেস্ট। চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। কোচ হিসেবে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান। একাডেমিক কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন তাসনিম মাহফুজ নাফিস।

উল্লেখ্য, আইএআইও স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতা। এতে বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীরা এআই বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার পরীক্ষা দেয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *