বাংলাদেশে উবারের নেতৃত্বে নতুন দায়িত্বে এস এম জামশেদ হাসান
ক.বি.ডেস্ক: রাইড শেয়ারিং সেবা উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবারের ব্যবসা ও সার্বিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিদ্যমান সেবা আরও সম্প্রসারণ এবং নতুন পরিবহনসেবা চালুর সম্ভাবনা নিয়ে কাজ করবেন। তার পেশাগত অভিজ্ঞতা ১৫ বছরের বেশি। বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব এবং বাণিজ্যিক ব্যবস্থাপনায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ফিনটেক, পণ্য পরিবহন ও বিমা খাতেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।
উবারে যোগ দেয়ার আগে এস এম জামশেদ হাসান ওয়েজলি বাংলাদেশে ব্যবসা ও প্রবৃদ্ধি বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে ডিএইচএল, ইউপিএস ও মেটলাইফে বাণিজ্যিক ব্যবস্থাপনা ও ব্যবসা উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন পদে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে করপোরেট বিক্রয়, রাজস্ব বৃদ্ধি, কৌশলগত অংশীদারত্ব এবং পণ্য উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
নতুন নিয়োগ প্রসঙ্গে উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক বাজার বিভাগের প্রধান আকাঙ্ক্ষা সিং বলেন, ‘‘বাংলাদেশে উবারের ব্যবসা পরিচালনায় জামশেদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ, অংশীদারত্ব এবং বাণিজ্যিক কৌশল সম্পর্কে তার দক্ষতা বাংলাদেশে উবারের কার্যক্রম আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করছি। যাত্রী, চালক অংশীদার এবং সংশ্লিষ্ট কমিউনিটির জন্য আরও মূল্য তৈরি করতে জামশেদের সঙ্গে কাজ করতে উবার আগ্রহী।’’
নতুন দায়িত্ব প্রসঙ্গে এস এম জামশেদ হাসান বলেন, ‘‘দেশের পরিবহন ব্যবস্থায় উবার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করেছে। গত ১০ বছরে প্রতিষ্ঠানটি যে ভিত্তি তৈরি করেছে, সেটিকে আরও এগিয়ে নিতে দলের সঙ্গে কাজ করতে চাই। মানুষের পরিবহনসংক্রান্ত প্রয়োজন মেটানো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশে উবারের পরবর্তী পর্যায়ের যাত্রায় অবদান রাখতে আমি আগ্রহী।’’
২০১৬ সালে প্রযুক্তির মাধ্যমে মানুষের জন্য সহজলভ্য পরিবহনসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। পরবর্তী সময়ে ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় সেবা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে যাত্রীদের বিভিন্ন পরিবহনসেবার সঙ্গে যুক্ত করার পাশাপাশি চালক অংশীদারদের আয়ের সুযোগ তৈরির কথাও জানিয়েছে উবার।
বাংলাদেশের বাজারে বিনিয়োগ অব্যাহত রাখা, ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ খোঁজা এবং দেশের পরিবহন ব্যবস্থায় নিজেদের কার্যক্রম আরও জোরদারের সময়েই জামশেদ হাসানকে কান্ট্রি হেড হিসেবে নিয়োগ দিল উবার।





