নীরব সাইবার যুদ্ধ ইতোমধ্যেই শুরু: এআই, ডেটা ও প্রযুক্তির লড়াইয়ে কতটা প্রস্তুত বাংলাদেশ?
মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (সোহেল মৃধা): সরাসরি যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) অস্ত্র ও ড্রোন, বিশ্বজুড়ে সাইবার হামলা, তথ্য চুরি, কৃত্রিম ভিডিও, ডিজিটাল গুপ্তচরবৃত্তি এবং গুরুত্বপূর্ণ অনলাইন সেবার নিরাপত্তাঝুঁকি নতুন বাস্তবতা তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি থেকে সাম্প্রতিক ওয়েবসাইট বন্ধের ঘটনা পর্যন্ত দেশের অভিজ্ঞতা কী বলছে? প্রযুক্তিগত নিরাপত্তা, গবেষণা ও দক্ষ প্রকৌশলী তৈরিতে কতটা এগিয়েছে বাংলাদেশ?
প্রযুক্তি, প্রকৌশল ও জাতীয় নিরাপত্তা
বিশ্বে যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময় যুদ্ধ বলতে সীমান্তে সেনাবাহিনী, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তির সংঘাতকে বোঝানো হলেও আধুনিক বিশ্বে এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার হামলা, এআই, তথ্য চুরি, ডিজিটাল গুপ্তচরবৃত্তি, স্বয়ংক্রিয় ড্রোন, রোবট প্রযুক্তি এবং প্রযুক্তিগত অবকাঠামো অকার্যকর করে দেয়ার মতো নতুন হুমকি। এখন একটি দেশের নিরাপত্তা শুধু সামরিক শক্তি বা সীমান্তরক্ষার সক্ষমতার ওপর নির্ভর করে না; এআই, সাইবার নিরাপত্তা, তথ্যবিজ্ঞান, সফটওয়্যারের গুণগত মান প্রকৌশল, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, রোবট প্রযুক্তি এবং গবেষণা অবকাঠামোও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেছে।
বিশ্বজুড়ে সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ, এআইনির্ভর যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ এবং প্রযুক্তিগত আধিপত্য বিস্তারের লড়াই আধুনিক সংঘাতের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব সংঘাতের প্রভাব শুধু রাষ্ট্র কিংবা সামরিক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, শিক্ষা, ব্যবসা, গবেষণা এবং সাধারণ নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তাও এর সঙ্গে সরাসরি জড়িত।
বিশ্বজুড়ে সাইবার হামলা ও এআইয়ের যুগে তথ্যযুদ্ধের নতুন বাস্তবত
বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত বড় সাইবার হামলাগুলো দেখিয়েছে, ডিজিটাল নিরাপত্তায় দুর্বলতা থাকলে তার প্রভাব পুরো দেশকে কীভাবে স্থবির করে দিতে পারে। ২০১৭ সালে ওয়ানা ক্রাই নামের তথ্য আটকে মুক্তিপণ দাবিকারী ক্ষতিকর সফটওয়্যারের হামলায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হয় এবং হাসপাতালগুলো জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়। একই বছর নটপেট্যা নামের ক্ষতিকর সফটওয়্যার ইউক্রেন থেকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে ব্যবসায়িক ও সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইন-এ মুক্তিপণ দাবিকারী সাইবার হামলার পর জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। ২০২৪ সালে চেঞ্জ হেলথকেয়ার-এ সাইবার হামলায় দেশটির স্বাস্থ্যসেবার বিল নির্ধারণ ও অর্থ পরিশোধব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। এর পাশাপাশি ২০২২ সালের শেষ দিকে সৃষ্টিশীল এআই সাধারণ মানুষের কাছে আসার পর প্রযুক্তির অপব্যবহারের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
২০২৪ সালে হংকংয়ে কৃত্রিমভাবে তৈরি ভিডিও সম্মেলন ব্যবহার করে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্রায় ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া হয়। প্রতারকেরা এআই ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চেহারা ও কণ্ঠস্বর নকল করেছিল। একই বছর যুক্তরাষ্ট্রে কৃত্রিমভাবে তৈরি কণ্ঠস্বর ব্যবহার করে প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠ নকল করে ভোটারদের বিভ্রান্ত করার ঘটনা ঘটে।
অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে ডিজিটাল প্রচারণা, কৃত্রিম ভিডিও এবং সাইবার হামলা আধুনিক বহুমাত্রিক যুদ্ধের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠেছে। এ ছাড়া ২০২৫ সালে অ্যান্থ্রপিক প্রকাশিত এক তদন্তে রাষ্ট্রসমর্থিত একটি গোষ্ঠীর এআইনির্ভর কোড তৈরির প্রযুক্তি ব্যবহার করে বড় পরিসরে সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টার কথা জানানো হয়।
যুদ্ধক্ষেত্রে এআই, কোয়ান্টাম প্রযুক্তি ও তথ্যযুদ্ধ
সাইবার যুদ্ধের পাশাপাশি এআই এখন সরাসরি সামরিক সংঘাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যন্ত্রনির্ভর শিক্ষা, কমপিউটারভিত্তিক দৃশ্য শনাক্তকরণ, কৃত্রিম উপগ্রহের তথ্য, রোবট, স্বয়ংক্রিয় ড্রোন এবং বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, সামরিক পরিকল্পনা ও লক্ষ্য শনাক্তকরণের কাজ দ্রুততর করা হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এআইসহায়ক ড্রোন প্রযুক্তির ব্যবহার আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা সামনে এনেছে। ইলেকট্রনিক সংকেতের বাধার মধ্যেও নির্দিষ্ট লক্ষ্য অনুসরণে সক্ষম ড্রোনের ব্যবহার দেখা গেছে। ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে দ্য গোসপ্যাল বা হাবসোরা এবং ল্যাভেন্ডার নামের এআই ও তথ্য বিশ্লেষণভিত্তিক গোয়েন্দা সরঞ্জামের ব্যবহার আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে। তবে এসব প্রযুক্তির বিশ্লেষণের যথার্থতা, মানুষের পর্যাপ্ত তদারকি এবং বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। ফলে এআইয়ের কার্যকারিতা যাচাই, তথ্যের গুণগত মান এবং নৈতিক ব্যবস্থাপনার গুরুত্ব আরও বেড়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে প্যালানটির-এর মেভেন স্মার্ট সিস্টেম সামরিক তথ্য বিশ্লেষণে সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পাশাপাশি কোয়ান্টাম সংবেদন প্রযুক্তি, কোয়ান্টাম যোগাযোগ, উন্নত রোবট এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। ভবিষ্যতে শক্তিশালী কোয়ান্টাম কমপিউটার প্রচলিত তথ্য সংকেতায়ন পদ্ধতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে মেধাস্বত্ব চুরি, সরবরাহব্যবস্থায় সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও একটি দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বাংলাদেশে সাইবার হামলা, তথ্য ফাঁস ও প্রযুক্তিগত নিরাপত্তা
বিশ্বজুড়ে চলমান এসব ঝুঁকি থেকে বাংলাদেশও বিচ্ছিন্ন নয়। বিগত এক দশকে দেশের ব্যাংকিং ব্যবস্থা, সরকারি তথ্যভান্ডার এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোকে ঘিরে একাধিক নিরাপত্তা ঘটনা ও সতর্কতা সামনে এসেছে।
২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে থাকা হিসাব থেকে প্রতারণামূলক নির্দেশনার মাধ্যমে প্রায় ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার স্থানান্তরের ঘটনা আন্তর্জাতিক ব্যাংকিং নিরাপত্তার ইতিহাসে অন্যতম আলোচিত সাইবার চুরির উদাহরণ। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে চলে যায়। এ ঘটনা হিসাব ব্যবস্থাপনার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, লেনদেন পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নিরীক্ষার গুরুত্ব তুলে ধরে।
২০২৩ সালের জুলাইয়ে একটি সরকারি ওয়েবসাইটের প্রযুক্তিগত দুর্বলতা ও দুর্বল তথ্য আদান-প্রদান সংযোগব্যবস্থার কারণে প্রায় পাঁচ কোটি নাগরিকের নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর উন্মুক্ত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এরপর ২০২৫ সালের মে মাসে নির্বাচন কমিশন তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানের জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা স্থগিত করে। এতে তৃতীয় পক্ষের সঙ্গে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
এ ছাড়া ২০২৫ সালের জুলাইয়ে বিজিডি ই-গভ সার্ট দেশের ব্যাংকিং, বিদ্যুৎ ও সরকারি সেবাসংশ্লিষ্ট খাতের বিরুদ্ধে সেবা অচল করে দেয়ার সাইবার হামলা এবং ওয়েব অ্যাপ্লিকেশনের দুর্বলতা কাজে লাগিয়ে অনুপ্রবেশের সম্ভাব্য আশঙ্কায় সতর্কতা জারি করে। ২৪ ঘণ্টা নজরদারির পরামর্শও দেয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের অক্টোবর মাসে বৈশ্বিক সফটওয়্যার প্রযুক্তিতে গুরুতর নিরাপত্তা দুর্বলতার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক তিন দিন নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়।
এসব ঘটনা নাগরিকদের ব্যক্তিগত পরিচয় চুরি, অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের আস্থার সংকট, সরকারি সেবার ধারাবাহিকতা ব্যাহত হওয়া এবং আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি করেছে।
সমন্বিত সক্ষমতা ও সফটওয়্যারের গুণগত মান প্রকৌশল
বাংলাদেশে জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিডি ই-গভ সার্ট এবং জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা কাজ করছে। তবে ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় শুধু প্রাতিষ্ঠানিক উদ্যোগ নয়, নিয়মিত স্বাধীন নিরাপত্তা নিরীক্ষা, কার্যকর সাইবার হামলা মোকাবিলা ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবল প্রয়োজন।
প্রযুক্তি ও সফটওয়্যারের গুণগত মান প্রকৌশল পেশাজীবী ইঞ্জি. শারমিন খান ঊর্মির মতে, ‘‘আধুনিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা, এআই, তথ্যবিজ্ঞান এবং সফটওয়্যারের গুণগত মান প্রকৌশলকে সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন। একটি সফটওয়্যার তৈরি করলেই বা একটি এআই মডেল ভালো ফলাফল দিলেই সেটিকে নির্ভরযোগ্য বলা যায় না। বরং তথ্যের ভেতরে ক্ষতিকর উপাদান প্রবেশ করানো, নির্দেশনা ব্যবস্থাকে প্রতারণার মাধ্যমে প্রভাবিত করা, মডেল চুরি এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো ঝুঁকি মোকাবিলায় কার্যকারিতা যাচাই, অনুপ্রবেশ পরীক্ষা, তথ্য আদান-প্রদান ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষা এবং প্রতিকূল পরিস্থিতিতে প্রযুক্তির সক্ষমতা যাচাই নিশ্চিত করতে হবে। যুদ্ধক্ষেত্রের প্রযুক্তি থেকে শুরু করে সাধারণ সেবা সব জায়গায় সিদ্ধান্ত কতটা নিরাপদ ও যাচাইযোগ্য, সেটিই বড় বিষয়।’’
গবেষণা, প্রযুক্তিগত নেতৃত্ব ও ভবিষ্যৎ করণীয়
বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশের গবেষণা অবকাঠামো, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর কোনও বিকল্প নেই। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের এআইয়ের মডেল, সাইবার নিরাপত্তা সমাধান এবং তথ্য অবকাঠামো তৈরির সক্ষমতা অর্জন করতে হবে।
জাতীয় ডিজিটাল নিরাপত্তা শক্তিশালী করতে জাতীয় পর্যায়ে এআই ও সাইবার নিরাপত্তা গবেষণা একাডেমি, সফটওয়্যারের গুণগত মান পরীক্ষাগার, ডিজিটাল ফরেনসিক কেন্দ্র এবং সাইবার অনুশীলন কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবায় নিয়মিত নিরাপত্তা দুর্বলতা মূল্যায়ন, অনুপ্রবেশ পরীক্ষা, নিরাপদ কোড পর্যালোচনা এবং দুর্যোগ-পরবর্তী তথ্য পুনরুদ্ধার পরীক্ষা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি সর্বনিম্ন প্রয়োজনীয় প্রবেশাধিকারভিত্তিক নিরাপত্তাব্যবস্থা, সফটওয়্যার উন্নয়নের প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্লাউডভিত্তিক তথ্য সংরক্ষণের নিরাপত্তা, তথ্য আদান-প্রদান ব্যবস্থার সুরক্ষা এবং কোয়ান্টাম-পরবর্তী তথ্য সংকেতায়ন নিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণাকেও উৎসাহিত করতে হবে।
সাধারণ নাগরিকদেরও একাধিক ধাপে পরিচয় যাচাই, শক্তিশালী পাসওয়ার্ড এবং নিরাপদ ডিজিটাল পরিচয় ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। নীরব সাইবার যুদ্ধ ইতোমধ্যেই বাস্তবতা। তাই তথ্য, সফটওয়্যার, গবেষণাগার এবং দক্ষ প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমেই আগামী দিনের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (সোহেল মৃধা): ফাউন্ডিং মেম্বার, ই-ক্যাব; উদ্যোক্তা ও ই-কমার্স বিশ্লেষক





