সাম্প্রতিক সংবাদ

ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তন আনতে আগামী জুলাইয়ে চালু হচ্ছে আইআইপিএস

ক.বি.ডেস্ক: দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে যেকোনও ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্য প্রতিষ্ঠানের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করা যাবে।

নতুন এ ব্যবস্থায় গ্রাহকদের আর নির্দিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না। ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণ সহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে একই প্ল্যাটফর্মে। এতে লেনদেন সহজ ও দ্রুত হওয়ার পাশাপাশি নগদ টাকার ব্যবহার কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ বাড়বে।

গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় তৈরি হবে এ প্ল্যাটফর্ম। এ জন্য ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও তাৎক্ষণিক ডিজিটাল লেনদেন নিশ্চিত করাই এ সফটওয়্যারের উদ্দেশ্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘‘সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই আইআইপিএসের মূল লক্ষ্য। এটি চালু হলে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে। গ্রাহকরা যেকোনও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন। আগের উদ্যোগের সীমাবদ্ধতা কাটিয়ে সব আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলা হচ্ছে। আইআইপিএসের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ লেনদেনের পাশাপাশি আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।’’

বর্তমানে দেশের ডিজিটাল লেনদেন অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)। ২০১২ সাল থেকে এ ব্যবস্থা অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে। তবে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করার ক্ষেত্রে এর সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা ও ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ গড়ে ওঠেনি।

এর আগে ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে ভ্যাট সহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য ০.১৫ শতাংশ, এমএফএস প্রতিষ্ঠানের জন্য ০.২০ শতাংশ এবং পিএসপির জন্য ০.৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনও মাশুল না নেয়ার নির্দেশনাও ছিল। তবে কয়েকটি বড় এমএফএস প্রতিষ্ঠান যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

চলতি বছর জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক গবেষণা কার্যক্রম শুরু করে। এতে নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেন।

পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, ‘‘দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহার নিশ্চিত করা জরুরি। আইআইপিএসের সঙ্গে অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্ক যুক্ত করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হবে। তবে এর জন্য আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান এবং অর্থ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’’

বাংলাদেশ ব্যাংকের মতে, ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে। ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো এবং লেনদেনে স্বচ্ছতার সুবিধা পাবেন। একই সঙ্গে বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে দ্রুত উপকারভোগীদের কাছে পৌঁছে দেয়া সহজ হবে।

তবে আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা, লেনদেনের নিরাপত্তা, সাশ্রয়ী মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আস্থার ওপর। কার্যকরভাবে চালু করা গেলে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *