প্রযুক্রির পণ্য ল্যাপটপ

১০ কোর প্রসেসর ও ৬৪ জিবি র‍্যাম সমর্থিত নতুন ল্যাপটপ আইয়িয়ামা

ক.বি.ডেস্ক: জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইয়িয়ামা বাজারে এনেছে নতুন দুটি ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপ। তুলনামূলক সাশ্রয়ী মূল্যের এই ল্যাপটপ দুটিতে রয়েছে ইন্টেল কোর ৭ ২৪০এইচ প্রসেসর, ১০ কোরের প্রক্রিয়াকরণ ক্ষমতা এবং সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহারের সুবিধা। নতুন ল্যাপটপ দুটি হলো স্টাইল-১৫এফএইচ১২৭-সি৭-ইউসিইএক্স এবং সলিউশন-১৫এফএইচ১২৭-সি৭-ইউসিএফএক্স।

উভয় মডেলেই ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর ৭ ২৪০এইচ প্রসেসর। র‍্যাপ্টর লেক-এইচ স্থাপত্যের এই প্রসেসরে রয়েছে ১০টি কোর। এর সর্বোচ্চ গতিসীমা ৫.২ গিগাহার্টজ এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা ৪৫ ওয়াট। রয়েছে ১৫.৬ ইঞ্চির পূর্ণ উচ্চসংজ্ঞার তরল স্ফটিক পর্দা। সংযোগ সুবিধার জন্য রয়েছে দুটি ইউএসবি ৩.১ টাইপ-সি পোর্ট, একটি ইউএসবি ৩.০ টাইপ-এ পোর্ট, দুটি ইউএসবি ২.০ টাইপ-এ পোর্ট, মিনি ডিসপ্লেপোর্ট, এইচডিএমআই, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং এক গিগাবিট ইথারনেট সংযোগ।

তথ্য সংরক্ষণের জন্য রয়েছে দুটি এম.২ ২২৮০ স্লট। এর মধ্যে একটি পিসিআইই ৪.০ এক্স৪ এবং অন্যটি পিসিআইই ৩.০ এক্স৪ প্রযুক্তি সমর্থন করে। ফলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত দ্রুতগতির সংরক্ষণ ব্যবস্থা যুক্ত করার সুযোগ থাকছে। একবার পূর্ণ চার্জে ল্যাপটপ দুটি সর্বোচ্চ ৩.৯ ঘণ্টা ভিডিও চালাতে পারবে।

র‍্যামের ক্ষেত্রে দুই মডেলে রয়েছে ভিন্নতা। স্টাইল সংস্করণে দেয়া হয়েছে ৮ জিবি ডিডিআর৪ ৩২০০ মেগাহার্টজ র‍্যাম। অন্যদিকে সলিউশন সংস্করণে রয়েছে ১৬ জিবি ডিডিআর৪ ৩২০০ মেগাহার্টজ র‍্যাম। দুটি ল্যাপটপেই রয়েছে দুটি র‍্যাম স্লট। ফলে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী র‍্যাম বাড়িয়ে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ডিডিআর৪ প্রযুক্তির র‍্যাম হওয়ায় হালনাগাদের খরচও তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রাফিকসের জন্য ৬৪ এক্সিকিউশন ইউনিটের ইন্টেল ইউএইচডি সমন্বিত গ্রাফিকস কার্ড। সাধারণ দাপ্তরিক কাজ, অনলাইন সভা, ওয়েব ব্রাউজিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য এটি যথেষ্ট।

নতুন ল্যাপটপ দুটি ইতোমধ্যে জাপানের বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। স্টাইল-১৫এফএইচ১২৭-সি৭-ইউসিইএক্স মডেলের মূল্য ১ লাখ ৪৯ হাজার ৮০০ জাপানি ইয়েন, যা প্রায় ৯৩৯ মার্কিন ডলারের সমান। অন্যদিকে, ১৬ জিবি র‍্যামযুক্ত সলিউশন-১৫এফএইচ১২৭-সি৭-ইউসিএফএক্স মডেলের মূল্য ১ লাখ ৭৪ হাজার ৭০০ জাপানি ইয়েন বা প্রায় ১ হাজার ৯৫ মার্কিন ডলার।

শক্তিশালী ১০ কোর প্রসেসর, র‍্যাম বাড়ানোর সুবিধা এবং একাধিক সংযোগ পোর্টের কারণে নতুন ল্যাপটপ দুটি দাপ্তরিক ও সাধারণ ব্যবহারকারীদের জন্য বিবেচনাযোগ্য হতে পারে। তবে সীমিত ব্যাটারি সক্ষমতা, সাধারণ মানের পর্দা এবং আলাদা গ্রাফিকস কার্ড না থাকায় কেনার আগে ব্যবহারকারীদের প্রয়োজনের সঙ্গে বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেয়া জরুরি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *