দারাজের বার্তা: বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কার্যক্রম অব্যাহত থাকবে
ক.বি.ডেস্ক: বাংলাদেশে তাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের বাজারে তাদের নিয়মিত কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং প্রযুক্তিনির্ভর বিনিয়োগ, বিক্রেতা নেটওয়ার্ক সম্প্রসারণ ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে দারাজের বিনিয়োগ ও পরিচালনা কার্যক্রম নিয়ে আলোচনার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি তাদের অবস্থান স্পষ্ট করেছে। দারাজের ভাষ্য অনুযায়ী, এসব আলোচনায় যে চিত্র তুলে ধরা হয়েছে, তা প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, কৌশলগত পরিকল্পনা কিংবা ভবিষ্যৎ দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল বাণিজ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিভিত্তিক সমাধানে বিনিয়োগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখাকে তারা অগ্রাধিকার দিচ্ছে।
দারাজের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্ল্যাটফর্মটিতে সাত হাজারেরও বেশি নতুন বিক্রেতা যুক্ত হয়েছেন। এটি শুধু প্রতিষ্ঠানটির বিক্রেতা ইকোসিস্টেমের সম্প্রসারণই নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন বাজার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিরও প্রতিফলন।
দারাজ বাংলাদেশের এক মুখপাত্র বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। এখানে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ব্যবসা গুটিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”





