আউটসোর্সিং খাতের রপ্তানি বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক
ক.বি.ডেস্ক: তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) ও আউটসোর্সিং খাতের রপ্তানি আয় বাড়াতে এবং এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সভাপতি তানভীর ইব্রাহীম।
সোমবার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও রপ্তানি সম্প্রসারণ বিষয়ক এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী এবং বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে পৃথক বৈঠকে বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম আউটসোর্সিং শিল্পের বিভিন্ন সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন।
বৈঠকে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, বর্তমানে দেশের বিপিও, ফ্রিল্যান্সিং ও আইটিইএস আউটসোর্সিং খাত থেকে বছরে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তবে এ খাত থেকে অর্জিত বৈদেশিক আয়ের একটি উল্লেখযোগ্য অংশ এখনও আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসছে না। বিভিন্ন বাস্তব কারণে অনেক বিপিও প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সার তাঁদের আয় অনানুষ্ঠানিক উপায়ে দেশে আনছেন অথবা বিদেশেই সংরক্ষণ করছেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ খাতের জন্য কয়েকটি ইতিবাচক উদ্যোগ নিয়েছে। এখন সবচেয়ে জরুরি হলো ফ্রিল্যান্সার আইডির সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার কার্যকর সংযোগ নিশ্চিত করা, যাতে ফ্রিল্যান্সাররা সহজেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাঁদের বৈদেশিক আয় দেশে আনতে পারেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাক্কো সমন্বিতভাবে কাজ করলে দ্রুত একটি কার্যকর ও টেকসই সমাধান সম্ভব হবে।
তানভীর ইব্রাহীম আরও বলেন, নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং সহজ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে আগামী কয়েক বছরের মধ্যেই আইটিইএস ও বিপিও শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী খাতে পরিণত হতে পারে।
তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), নলেজ প্রসেস আউটসোর্সিং (কেপিও), ডিজিটাল কাস্টমার এক্সপেরিয়েন্স এবং সফটওয়্যারভিত্তিক সেবার বৈশ্বিক চাহিদা দ্রুত বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান আউটসোর্সিং শিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত রপ্তানি সম্প্রসারণ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। সভায় দেশের বিভিন্ন রপ্তানিমুখী শিল্পখাতের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম অংশ নেন।
বাক্কোর মতে, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতকে নীতিনির্ধারণী পর্যায়ে আরও গুরুত্ব দেওয়া হলে দেশের বিপিও, আইটিইএস ও আউটসোর্সিং শিল্প আরও গতিশীল হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশও ত্বরান্বিত হবে।





