ডিজিটাল ডিসপ্লে ও বিল্ট-ইন ক্যাবলসহ নতুন পাওয়ার ব্যাংক আনছে ওয়ানপ্লাস
ক.বি.ডেস্ক: ১০,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং বিল্ট-ইন ডিজিটাল ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস এর নতুন পাওয়ার ব্যাংক। সুপারভুক ৬৭ডব্লিউ পাওয়ার ব্যাংক নামের এই অ্যাকসেসরিটি চীনের বাজারে উন্মোচন করা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১২ অক্টোবর ওয়ানপ্লাস ১৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে নতুন পাওয়ার ব্যাংকটি বাজারে আনা হবে।
এর আগে চলতি বছর চীনের বাজারে ১৫,০০০ এমএএইচ ধারণক্ষমতা ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার পাওয়ার ব্যাংক এনেছিল ওয়ানপ্লাস। এবার তুলনামূলক কম ধারণক্ষমতার ব্যাটারি ও ৬৭ ওয়াট চার্জিং সুবিধা নিয়ে আসছে নতুন মডেলটি। তবে এতে যুক্ত করা হয়েছে এমন একটি সুবিধা, যা ওয়ানপ্লাসের আগের পাওয়ার ব্যাংকগুলোতে ছিল না বিল্ট-ইন ডিজিটাল ডিসপ্লে।
ওয়ানপ্লাসের নতুন সুপারভুক ৬৭ডব্লিউ পাওয়ার ব্যাংকটিকে কালো রঙের বডি ও লাল অ্যাকসেন্ট সহ দেখা গেছে। নতুন মডেলে যুক্ত করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেতে চার্জিং পাওয়ার, ব্যাটারির স্বাস্থ্য এবং চার্জিংয়ের বর্তমান অবস্থা দেখা যাবে। ফলে পাওয়ার ব্যাংকটি কত ওয়াটে চার্জ দিচ্ছে কিংবা চার্জিংয়ের অবস্থা কী, তা সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
সুপারভুক ৬৭ডব্লিউ পাওয়ার ব্যাংকে রয়েছে সর্বোচ্চ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। পাশাপাশি এটি ৪৫ ওয়াট ইউএসবি পাওয়ার ডেলিভারি চার্জিং সমর্থন করে। ফলে সুপারভুক সমর্থিত ডিভাইসের পাশাপাশি উপযুক্ত ইউএসবি পিডি সমর্থিত ডিভাইসেও এটি ব্যবহার করা যাবে।
তবে ডিভাইসভেদে চার্জিংয়ের গতি ভিন্ন হতে পারে। পাওয়ার ব্যাংকটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিল্ট-ইন ব্রেইডেড ক্যাবল। এই ক্যাবল দিয়ে ডিভাইস চার্জ করার পাশাপাশি বহনের স্ট্র্যাপ হিসেবেও ব্যবহার করা যাবে। এতে আলাদা কেবল বহনের প্রয়োজন কমবে এবং বাইরে ব্যবহারের সময় সুবিধা পাওয়া যাবে।





