বিপিও খাতের উন্নয়নে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বাক্কোর বৈঠক
ক.বি.ডেস্ক: দেশের বিপিও, আইটিইএস ও ডিজিটাল সেবা খাতের বিকাশে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)-এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।
সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান এবং বাক্কোর পরিচালক আব্দুল অংশ নেন। বৈঠকে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দেশের বিভিন্ন হাই-টেক পার্কে আউটসোর্সিং স্পেস প্রতিষ্ঠার সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিপিও, আইটিইএস, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানগুলো আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় সহায়তা পাবে। এতে তাদের কার্যক্রম আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
বৈঠকে শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে একটি টেকসই দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম তৈরির বিষয়েও গুরুত্ব দেয়া হয়। এ ছাড়া বিপিও ও আইটিইএস খাতকে আরও শক্তিশালী করে প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে বাক্কোর পক্ষ থেকে বলা হয়, সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক বিপিও, আইটিইএস ও আউটসোর্সিং শিল্পে একটি প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাক্কো ভবিষ্যতেও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনটির আশা, এ ধরনের সহযোগিতার মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানির মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।





