সাম্প্রতিক সংবাদ

ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬ নিয়ে আইসিটি বিভাগের সঙ্গে বাক্কোর বৈঠক

ক.বি.ডেস্ক: দেশের ফ্রিল্যান্সিং শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’ আয়োজনের উদ্যোগ আইসিটি বিভাগের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্মসচিব (আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ) ড. মো. তৈয়বুর রহমান এবং আইসিটি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহ্‌বুব আলম। বাক্কোর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আলিম। প্রতিনিধি দলে আরও ছিলেন পরিচালক আব্দুল কাদের।

বৈঠকে দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’ আয়োজনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সামিটগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ের বর্তমান ও আগ্রহী ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের সুযোগ, ক্যারিয়ার গঠন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং ফ্রিল্যান্সার আইডি কার্ড কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় ফ্রিল্যান্সারদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জেলা পর্যায়ের আয়োজন শেষে ঢাকায় একটি কেন্দ্রীয় ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’ আয়োজনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। প্রস্তাবিত এই আয়োজনে নীতিনির্ধারণী সংলাপ, সেমিনার, বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা, সরকারি-বেসরকারি অংশীজনদের মতবিনিময়, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মসংস্থান, আন্তর্জাতিক মার্কেটপ্লেসে অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল পেমেন্ট, উদ্যোক্তা উন্নয়ন এবং ফ্রিল্যান্সিং খাতের নীতিগত ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি শক্তিশালী ফ্রিল্যান্সিং ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব। এতে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি এবং দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।

বৈঠক শেষে বাক্কো জানায়, দেশের ফ্রিল্যান্সিং, বিপিও ও আইটিইএস শিল্পের টেকসই উন্নয়নে আইসিটি বিভাগসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *