গ্র্যাজুয়েট থাকা সত্ত্বেও কেন বিদেশি কর্মী আনতে হবে, প্রশ্ন রাষ্ট্রপতির
ক.বি.ডেস্ক: দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষার মান ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর ও বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনায় বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ডিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. ইমরান হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সচিব এ জে এম সাল্হাউদ্দিন নাগরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ডিআইইউ-এর সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। পাশাপাশি ডিআইইউ-এর আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা। উচ্চশিক্ষা শেষে প্রতিবছর বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট বের হলেও দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানি পরিচালনায় কেন বিদেশি কর্মী নিয়োগ দিতে হচ্ছে।’’
ড. মো. সবুর খান জানান, ‘‘বিশ্ববিদ্যালয়টিতে নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে। এ বিভাগ গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট স্বত্ব অর্জন ও সেগুলোর বাণিজ্যিকীকরণে সহায়তা করে। এ ছাড়া শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা দেয়া হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়েও অগ্রগতি অর্জন করছে।’’
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে শুনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





