ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াই-ফাই ৫, ৬ নাকি ৭ কোনটি আপনার জন্য উপযুক্ত?
ক.বি.ডেস্ক: বাড়িতে ইন্টারনেটের গতি বাড়াতে শুধু উচ্চগতির সংযোগ নিলেই হয় না, প্রয়োজন উপযুক্ত রাউটারও। প্রযুক্তির অগ্রগতিতে ওয়াই-ফাই ৫ থেকে ওয়াই-ফাই ৭ পর্যন্ত এসেছে বেশ কিছু পরিবর্তন। নতুন প্রতিটি প্রজন্মে বেড়েছে তথ্য আদান-প্রদানের সক্ষমতা, একসঙ্গে একাধিক যন্ত্র ব্যবহারের দক্ষতা এবং সংযোগের স্থিতিশীলতা। বিশেষ করে ওয়াই-ফাই ৬ একসঙ্গে অনেক ডিভাইসের সংযোগ সামলাতে পারদর্শী। অন্যদিকে ওয়াই-ফাই ৭ দ্রুতগতির পাশাপাশি কম বিলম্বে তথ্য আদান-প্রদানের সুবিধা দেয়। তবে রাউটার পরিবর্তনের আগে নিজের ইন্টারনেট সংযোগ ও ব্যবহৃত ডিভাইসগুলোর সক্ষমতা বিবেচনা করা জরুরি।
রাউটারের প্যাকেটে সাধারণত সর্বোচ্চ গতির বড় বড় সংখ্যা দেখা যায়। তাত্ত্বিকভাবে ওয়াই-ফাই ৫-এর সর্বোচ্চ গতি ৩ দশমিক ৫ গিগাবিট, ওয়াই-ফাই ৬-এর ৯ দশমিক ৬ গিগাবিট এবং ওয়াই-ফাই ৭-এর ৪৬ গিগাবিট প্রতি সেকেন্ড। তবে এগুলো পরীক্ষাগারভিত্তিক সর্বোচ্চ গতি। বাস্তবে ইন্টারনেট সংযোগ, রাউটারের অবস্থান, দেয়ালের বাধা এবং সংযুক্ত ডিভাইসের সক্ষমতার ওপর গতি নির্ভর করে।
ওয়াই-ফাই ৫, ৬ ও ৭-এর পার্থক্য কোথায়?
তিন প্রজন্মের ওয়াই-ফাই প্রযুক্তির মধ্যে গতি, সংযোগের সক্ষমতা এবং ব্যবহৃত তরঙ্গের ব্যান্ডে বেশ কিছু পার্থক্য রয়েছে। একনজরে দেখে নেয়া যাক-
ওয়াই-ফাই ৫
২০১৪ সালে চালু হওয়া এই প্রযুক্তির তাত্ত্বিক সর্বোচ্চ গতি ৩ দশমিক ৫ জিবিপিএস। এটি ৫ গিগাহার্টজ তরঙ্গে কাজ করে এবং সর্বোচ্চ ১৬০ মেগাহার্টজ চ্যানেল প্রস্থ সমর্থন করে। মূলত একক ডিভাইসে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য এটি উপযোগী।
ওয়াই-ফাই ৬ ও ৬ই
ওয়াই-ফাই ৬ চালু হয় ২০১৯ সালে এবং এর উন্নত সংস্করণ ৬ই আসে ২০২১ সালে। ওয়াই-ফাই ৬-এর তাত্ত্বিক সর্বোচ্চ গতি ৯ দশমিক ৬ জিবিপিএস। এটি ২.৪ ও ৫ গিগাহার্টজ তরঙ্গে কাজ করে। অন্যদিকে ওয়াই-ফাই ৬ই-তে যুক্ত হয়েছে ৬ গিগাহার্টজ ব্যান্ড। সর্বোচ্চ ১৬০ মেগাহার্টজ চ্যানেল প্রস্থের এই প্রযুক্তির প্রধান সুবিধা হলো একসঙ্গে একাধিক ডিভাইসের সংযোগ কার্যকরভাবে সামলানো।
ওয়াই-ফাই ৭
২০২৪ সালে চালু হওয়া এই প্রজন্মের তাত্ত্বিক সর্বোচ্চ গতি ৪৬ জিবিপিএস। এটি ২.৪, ৫ ও ৬ গিগাহার্টজ তিনটি ব্যান্ডেই কাজ করে। সর্বোচ্চ ৩২০ মেগাহার্টজ চ্যানেল প্রস্থের পাশাপাশি এতে রয়েছে একাধিক ব্যান্ড একসঙ্গে ব্যবহারের সুবিধা। ফলে বেশি গতি, কম বিলম্ব এবং আরও স্থিতিশীল সংযোগ পাওয়া সম্ভব।
বাস্তবে ওয়াই-ফাই ৫-এ সাধারণত ৩০০ থেকে ৫০০ এমবিপিএস, ওয়াই-ফাই ৬-এ ৮০০ এমবিপিএস থেকে ১.৫ জিবিপিএস এবং ওয়াই-ফাই ৭-এ উপযুক্ত বহু-গিগাবিট সংযোগের ক্ষেত্রে ১ থেকে ৪ জিবিপিএস গতি পাওয়া যেতে পারে।
ওয়াই-ফাই ৫ থেকে ৬-এ গেলে কী সুবিধা?
বাড়িতে একাধিক স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টেলিভিশন ও অন্যান্য সংযুক্ত ডিভাইস থাকলে ওয়াই-ফাই ৬ বেশ কার্যকর। এর ওএফডিএমএ প্রযুক্তি একটি চ্যানেলকে ছোট ছোট অংশে ভাগ করে একসঙ্গে একাধিক ডিভাইসে তথ্য পাঠাতে পারে। ফলে একটি ডিভাইসে বড় ফাইল নামানোর সময় অন্য ডিভাইসে ভিডিও দেখা বা অনলাইন বৈঠকে অংশ নেয়ার ক্ষেত্রে সংযোগে চাপ কম পড়ে।
এ ছাড়া টার্গেট ওয়েক টাইম প্রযুক্তি নির্দিষ্ট সময় ছাড়া ডিভাইসগুলোকে বিশ্রামে থাকতে সাহায্য করে। এতে সংযুক্ত ডিভাইসের ব্যাটারি খরচ কিছুটা কমে। তবে একা ব্যবহারকারী কিংবা ২০০ এমবিপিএসের সংযোগে একসঙ্গে অল্প কয়েকটি ডিভাইস চালালে ওয়াই-ফাই ৬-এ পরিবর্তনের সুবিধা খুব বেশি বোঝা নাও যেতে পারে।
ওয়াই-ফাই ৬ থেকে ৭-এ পরিবর্তন কতটা জরুরি?
ওয়াই-ফাই ৭-এর অন্যতম বড় সুবিধা মাল্টি-লিংক অপারেশন (এমএলও)। এর মাধ্যমে সমর্থিত ডিভাইস একই সময়ে একাধিক তরঙ্গ ব্যবহার করতে পারে। ফলে সংযোগের গতি বাড়ার পাশাপাশি বিলম্ব ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা কমে। এ ছাড়া ৩২০ মেগাহার্টজ চ্যানেল এবং ৪কে-কিউএএম প্রযুক্তি বেশি তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি করে।
ঘনবসতিপূর্ণ এলাকায় অন্য রাউটারের তরঙ্গের বাধা এড়াতে প্রিঅ্যাম্বল পাংচারিং প্রযুক্তিও সহায়তা করে। অনলাইন গেম, ভার্চ্যুয়াল বাস্তবতা এবং বড় ফাইল আদান-প্রদানে এসব সুবিধা কাজে আসে। তবে ৫০০ এমবিপিএস বা ১ জিবিপিএস সংযোগে সাধারণ ওয়েব ব্যবহার কিংবা ৪কে ভিডিও দেখার ক্ষেত্রে ওয়াই-ফাই ৬ই থেকে খুব বেশি পার্থক্য নাও পাওয়া যেতে পারে।
নতুন রাউটার কেনার আগে তিনটি বিষয় মনে রাখুন
১. ইন্টারনেটের গতি: ইন্টারনেট সেবাদাতার দেয়া সংযোগের গতিই সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। ৩০০ এমবিপিএসের সংযোগে ওয়াই-ফাই ৭ রাউটার ব্যবহার করলেও এর বেশি গতি পাওয়া যাবে না।
২. ডিভাইসের সক্ষমতা: পুরোনো স্মার্টফোন বা ল্যাপটপ নতুন রাউটারের সব সুবিধা কাজে লাগাতে পারবে না। ওয়াই-ফাই ৭-এর বিশেষ সুবিধা পেতে ডিভাইসেও এই প্রযুক্তির সমর্থন থাকতে হবে।
৩. দেয়ালের বাধা: ৬ গিগাহার্টজ তরঙ্গ দ্রুতগতির হলেও ইট, কংক্রিট ও একাধিক দেয়াল ভেদ করে দুর্বল হয়ে যায়। ফলে রাউটার থেকে দূরে গেলে গতি কমতে পারে।
কোন রাউটার কিনবেন?
কম ডিভাইস ব্যবহার, ছোট বাসা এবং সাধারণ ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই ৫ এখনও যথেষ্ট হতে পারে। তবে চার বছরের বেশি পুরোনো রাউটার ব্যবহার করলে কিংবা একাধিক ডিভাইসে ইন্টারনেট চালাতে গিয়ে সমস্যা হলে ওয়াই-ফাই ৬ বা ৬ই হতে পারে সবচেয়ে সাশ্রয়ী সমাধান।
অন্যদিকে ২ জিবিপিএস বা তার বেশি গতির ইন্টারনেট সংযোগ, বড় ফাইল স্থানান্তর, অনলাইন গেম কিংবা দীর্ঘমেয়াদে পাঁচ থেকে সাত বছর ব্যবহারের পরিকল্পনা থাকলে ওয়াই-ফাই ৭ বিবেচনা করা যেতে পারে। সবার জন্য সবচেয়ে দামি রাউটার কেনার প্রয়োজন নেই। নিজের ইন্টারনেটের গতি, ব্যবহৃত ডিভাইসের সংখ্যা এবং প্রয়োজন বুঝে রাউটার নির্বাচন করলেই পাওয়া যাবে সেরা সুবিধা।





