উদ্যোগ

৯ শহরে ৪ হাজার ৬৫৭ প্রতিযোগী নিয়ে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬

ক.বি.ডেস্ক: বাংলাদেশে শেষ হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর দুই দিনব্যাপী হ্যাকাথন ও প্রকল্প মূল্যায়ন পর্ব। শনিবার শেষ দিনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ক্যাম্পাসে দেশের নয়টি শহরের ৬০০টির বেশি দলের জমা দেয়া প্রকল্প মূল্যায়ন করেন শতাধিক বিচারক। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৫৭ জন।

প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো অনলাইনে নিজেদের উদ্ভাবনী প্রকল্প, অ্যাপ্লিকেশন ও ভিডিও উপস্থাপনা জমা দেয়। বিচারকরা প্রকল্পের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত বাস্তবায়ন, সৃজনশীলতা এবং বাস্তব সমস্যার সমাধানে কার্যকারিতার ভিত্তিতে সেগুলো মূল্যায়ন করেন।

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার’। নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে পৃথিবী ও মহাকাশ-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করাই ছিল অংশগ্রহণকারীদের মূল লক্ষ্য। প্রকল্পগুলোর মধ্যে গুরুত্ব পেয়েছে মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য বিশ্লেষণের মতো বিষয়।

বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা ও বরিশাল এই নয়টি শহরে একযোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। শহরভিত্তিক আয়োজন সমন্বয় করেন মোহাম্মদ মাহদী উজ জামান, অভিজিৎ ভৌমিক, আনিসুল হক ভূঁইয়া, দেলোয়ার আলম, তৌফিক এলাহী প্লাবন, রিফায়েত ইসলাম রিফাত, সানজার আদনান আলম, মো. পারভেজ কাওসার ও আরিফুল হাসান অপু। উপস্থিত ছিলেন টিএমজিবির নির্বাহী সদস্য মোহাম্মদ কাউসার উদ্দিন। এ আয়োজনের টাইটেল স্পনসর ছিল এআইইউবি।

স্থানীয় পর্যায়ের মূল্যায়নে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বের জন্য বিবেচিত হবে। সেখানে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের নির্বাচিত প্রকল্প মূল্যায়ন করবেন। তাঁদের মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হবে এবারের বৈশ্বিক বিজয়ীদের নাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *