‘মুক্ত পে’- টাকা পাঠানো, বিল পরিশোধ ও মোবাইল রিচার্জ এক অ্যাপেই
ক.বি.ডেস্ক: দেশের ডিজিটাল আর্থিক সেবার বাজারে নতুন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং যেকোনও মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। এ ছাড়া বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ফিচার ফোন থেকে *৫২৫# ডায়াল করে সেবাটি ব্যবহার করতে পারবেন।
‘মুক্ত’ শব্দের অর্থ স্বাধীন। সেই ধারণা থেকেই প্ল্যাটফর্মটির নামকরণ করা হয়েছে ‘মুক্ত পে’। দৈনন্দিন আর্থিক লেনদেনে সময়, খরচ ও ভোগান্তি কমিয়ে গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট আরও সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘মুক্ত পে’ অ্যাপ ডাউনলোড করা যাবে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে যেকোনও মোবাইল অপারেটরের গ্রাহক এতে নিবন্ধন করতে পারবেন।
‘মুক্ত পে’ ব্যবহার করে ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং সব মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করা যাবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড থেকে ওয়ালেটে অর্থ যোগ করার সুবিধাও থাকছে। একই অ্যাপ থেকে বাংলালিংকের বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা। উদ্বোধনী অফারের আওতায় প্রথম তিন মাস ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠানো ও বিল পরিশোধে কোনও চার্জ দিতে হবে না। এ ছাড়া বাংলালিংক নম্বরে প্রথম তিনবার রিচার্জ করলে বোনাস পাবেন গ্রাহকেরা।
প্ল্যাটফর্মটি চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, “মুক্ত পের মাধ্যমে সংযোগ সেবার বাইরেও গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলালিংক। স্মার্টফোন হোক বা সাধারণ মোবাইল ফোন, এ সেবার মাধ্যমে ব্যক্তি, মার্চেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান সহজেই ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন। বিশেষ করে যেসব জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ী এখনও ডিজিটাল আর্থিক সেবার আওতার বাইরে রয়েছেন, তাদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও সহজলভ্য করবে ‘মুক্ত পে’। বাংলাদেশে আরও বিস্তৃত ডিজিটাল আর্থিক সেবা চালুর ভিত্তি হিসেবেও কাজ করবে এ প্ল্যাটফর্ম।”
সাধারণ গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্যও রয়েছে ‘মুক্ত পে’র আলাদা মার্চেন্ট অ্যাপ। এর মাধ্যমে ব্যবসায়ীরা একটি ড্যাশবোর্ড থেকেই নিবন্ধন, গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ এবং লেনদেনের হিসাব পরিচালনা করতে পারবেন। এ ছাড়া জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ যুক্ত করার প্রক্রিয়া চলছে প্ল্যাটফর্মটিতে। এটি চালু হলে বাংলা কিউআর সমর্থিত বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানে ‘মুক্ত পে’ ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন গ্রাহকেরা।
বাংলালিংকের চিফ ফিনটেক অফিসার দিমিত্রি কাশতানভ বলেন, “‘মুক্ত’ মানে স্বাধীন। আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, তার মূল ভাবনাও সেটিই। এত দিন সংযোগ সেবার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ছিলাম আমরা। ‘মুক্ত পে’র মাধ্যমে এখন তাদের আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত হচ্ছি। আমাদের লক্ষ্য, প্রতিদিনের লেনদেন যেন আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য হয়।”
‘মুক্ত পে’র প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম জাকারিয়া বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রথম লেনদেন থেকেই সেবাটি যেন দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য হয়। একই সঙ্গে সব মোবাইল অপারেটরের গ্রাহকেরা যাতে এটি ব্যবহার করতে পারেন, সেটিও নিশ্চিত করতে চেয়েছি আমরা।”
প্রচলিত টেলিযোগাযোগ সেবার বাইরে ডিজিটাল সেবার পরিসর বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ‘মুক্ত পে’ চালু করেছে বাংলালিংক। বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা প্রায় ৪ কোটি। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের ক্ষেত্রে ভিওনের বৃহত্তর পরিকল্পনার সঙ্গেও ‘মুক্ত পে’ চালুর বিষয়টি যুক্ত। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভিওন।
সাধারণ গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী ও মার্চেন্টদের ডিজিটাল লেনদেনের আওতায় আনার লক্ষ্য নিয়ে যাত্রা করল ‘মুক্ত পে’। সহজ নিবন্ধন, একাধিক আর্থিক সেবা, ফিচার ফোনে ব্যবহারের সুবিধা এবং মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক সেবার বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে বাংলালিংকের এই উদ্যোগ।





