এআই পারফরম্যান্সে নতুন লেনোভো আইডিয়াপ্যাড ৫আই আনল গ্লোবাল ব্র্যান্ড
ক.বি.ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩ প্রসেসরসমৃদ্ধ লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ ১৪আইপিএইচ১১ (83UG000CSK) নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। আধুনিক কাজ, পড়াশোনা ও দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় তৈরি এই কোপাইলট+ পিসি-তে রয়েছে ৩৬০-ডিগ্রি কনভার্টিবল ২-ইন-১ সুবিধা, টাচস্ক্রিন এবং এআই-সমর্থিত পারফরম্যান্স। ফলে প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ ও ট্যাবলেট দুইভাবেই ব্যবহার করা যায় ডিভাইসটি।
ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৫ ৩২২ প্রসেসর, যার সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৪.৪ গিগাহার্টজ। ৬ কোর ও ৬ থ্রেডের এই প্রসেসরের সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৬৪ টপস পর্যন্ত এআই পারফরম্যান্স। ১৬ জিবি ডিডিআর৫-৫৬00 র্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই জেন৪ এনভিএমই এসএসডি দ্রুত মাল্টিটাস্কিং, ফাইল ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ব্যবহারে সহায়তা করে। এতে ইন্টেগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স রয়েছে এবং র্যাম সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে।
এর ১৪-ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ (১৯২০×১২০০) আইপিএস টাচ ডিসপ্লেতে রয়েছে ৪০০ নিটস ব্রাইটনেস এবং টিইউভি লো ব্লু লাইট সুবিধা। ১০-পয়েন্ট মাল্টি-টাচ সমর্থিত ডিসপ্লেটি লেনোভো পেন জেন ২-এর সঙ্গেও ব্যবহার করা যায়, যা নোট নেয়া, স্কেচ করা ও সরাসরি স্ক্রিনে কাজ করার অভিজ্ঞতাকে আরও সহজ করে। এ ছাড়া ব্যাকলিট কিবোর্ড, ডলবি অডিও-সমর্থিত স্টেরিও স্পিকার এবং এফএইচডি ১০৮০পি+আইআর ওয়েবক্যাম সঙ্গে প্রাইভেসি শাটার দৈনন্দিন কাজ ও অনলাইন মিটিংয়ে বাড়তি সুবিধা দেয়।
কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট, এবং মাইক্রোএসডি কার্ড রিডার। ৬০ ওয়াট ব্যাটারি ও ৬৫ ওয়াট ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার দীর্ঘসময় ব্যবহারের উপযোগী পাওয়ার সুবিধা দেয়। লুনা গ্রে রঙের অ্যালুমিনিয়াম টপ কভারযুক্ত ল্যাপটপটির ওজন ১.৫৪ কেজি থেকে শুরু। পাশাপাশি মিলিট্যারি-স্ট্যান্ডার্ড-৮১০এইচ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ডিভাইসটি স্থায়িত্বের ক্ষেত্রেও বাড়তি নিশ্চয়তা দেয়।
লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ ১৪আইপিএইচ১১ (83UG000CSK)-এর মূল্য ১,৫৯,০০০ টাকা। ল্যাপটপটির সঙ্গে রয়েছে ২ বছরের অনুমোদিত ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ব্যাটারি ও অ্যাডাপ্টারের জন্য ১ বছরের ওয়ারেন্টি। গ্লোবাল ব্র্যান্ডের অনলাইন স্টোর ও নিকটস্থ ব্রাঞ্চ এবং ডিলার হাউজে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে।





