আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

সর্বোচ্চ ৯৩০০ মেগাবিট গতি, নতুন ওয়াই-ফাই ৭ রাউটার আনল ডেভোলো

ক.বি.ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট ও বিস্তৃত তারহীন নেটওয়ার্ক সুবিধা দিতে নতুন রাউটার উন্মোচন করেছে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ডেভোলো। ‘ওয়াই-ফাই ৭ বিই৯৩০০’ মডেলের রাউটারটি একক ডিভাইস হিসেবে ব্যবহারের পাশাপাশি দুই বা তিনটি ইউনিট যুক্ত করে ইন্টারনেট নেটওয়ার্ক হিসেবেও ব্যবহার করা যাবে। ফাইবার অপটিক ইন্টারনেটের উপযোগী এই রাউটারে সর্বোচ্চ ৯৩০০ মেগাবিট গতির তাত্ত্বিক তথ্য আদান-প্রদানের সক্ষমতা রয়েছে।

ডেভোলো বিই৯৩০০ একটি ত্রিব্যান্ড রাউটার। এতে ২.৪, ৫ ও ৬ গিগাহার্টজ ব্যান্ড এবং সর্বোচ্চ ৩২০ মেগাহার্টজ তরঙ্গপ্রস্থের সুবিধা রয়েছে। পাশাপাশি এতে ৪কে-কিউএএম, মাল্টি-লিংক অপারেশন ও মাল্টি-আরইউ পাংচারিংয়ের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একাধিক ডিভাইস সংযুক্ত থাকলেও নেটওয়ার্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে।

বাস্তব গতি নির্ভর করবে ইন্টারনেট সংযোগ, সংযুক্ত ডিভাইসের সক্ষমতা ও নেটওয়ার্ক পরিস্থিতির ওপর। পুরোনো প্রজন্মের তারহীন নেটওয়ার্ক প্রযুক্তিও সমর্থন করে রাউটারটি। নিরাপত্তার জন্য রয়েছে ডব্লিউপিএ২ ও ডব্লিউপিএ৩ ব্যবস্থা। পণ্যটির সঙ্গে রয়েছে তিন বছরের নিশ্চয়তা।

রাউটারটিতে রয়েছে চারটি ল্যান সংযোগপথ। এর মধ্যে একটি ২.৫ গিগাবিট এবং বাকি তিনটি এক গিগাবিট গতিসম্পন্ন। ফলে কমপিউটার, স্মার্ট টেলিভিশন সহ বিভিন্ন ডিভাইস তারের মাধ্যমে যুক্ত করা যাবে। বড় বাসা বা একাধিক কক্ষবিশিষ্ট স্থানে নেটওয়ার্কের আওতা বাড়াতে একাধিক ইউনিট একসঙ্গে ব্যবহার করা যাবে। এতে রয়েছে অ্যাকসেস পয়েন্ট স্টিয়ারিং, ব্যান্ড স্টিয়ারিং ও ওএফডিএমএর মতো প্রযুক্তি।

নির্মাতার দাবি, আগে থেকেই সাজানো ইন্টারনেট নেটওয়ার্ক ইউনিটগুলো বিদ্যুৎ সংযোগে যুক্ত করেই ব্যবহার শুরু করা যাবে। অ্যাপ বা ওয়েবভিত্তিক ব্যবস্থায় রাউটারটির প্রাথমিক সেটআপ করা সম্ভব। ফাইবার অপটিক ইন্টারনেট ব্যবহারকারী, বড় বাসার বাসিন্দা এবং একসঙ্গে একাধিক ডিভাইসে দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন এমন পরিবারের জন্য রাউটারটি বিবেচনাযোগ্য। তবে সংযুক্ত ডিভাইসে ওয়াই-ফাই ৭ সমর্থন না থাকলে নতুন প্রযুক্তির সব সুবিধা পাওয়া যাবে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *